বাড়ি, বিদ্যালয়সহ সাতটি স্থাপনায় হামলা-ভাঙচুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ছাত্রলীগের সাবেক এক নেতা ও এক চিকিৎসকের নেতৃত্বে দুটি বাড়ি, একটি বিদ্যালয় ও চারটি দোকানে হামলা-ভাঙচুর চালিয়ে দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নওয়াপাড়ার হাসপাতাল সড়কে গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জমি দখলে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গতকাল ভোর পাঁচটায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল গফ্ফার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাসিরউদ্দিন ফারাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী উপজেলার কোটা গ্রামের মমিনউদ্দিন সরদার ও সোহরাব হোসেন সরদারের মালিকানাধীন সাড়ে ১৫ শতক জমি দখলে নেওয়ার জন্য হামলা করে। সন্ত্রাসীরা ওই জমিতে গড়া একটি ওষুধের দোকান, ইলেকট্রনিক্স সামগ্রীর একটি দোকান, একটি বেকারি, একটি রেস্তোরাঁ, একটি কিন্ডারগার্টেন স্কুল, দুটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় তারা জমি দখলে নিতে এর কিছু অংশে ইট-বালু দিয়ে প্রাচীরও তৈরি করে। ভাঙচুরের শিকার পলি ফার্মেসির মালিক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভোর সাড়ে পাঁচটায় খবর পেয়ে দোকানে গিয়ে দেখি, সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট করছে। তারা দোকানের ফ্রিজ, ওষুধসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’ লুটপাটের শিকার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা রোজিয়াত সুলতানা জানান, সন্ত্রাসীরা স্কুলের কম্পিউটার, চেয়ার, বেঞ্চ, পরীক্ষার খাতাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। জমির মালিক মমিন সরদার বলেন, ‘ক্রয়সূত্রে আমরা এই জমির মালিক। ৩০ বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছি। কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হওয়ার পর আদালতে মামলা করি। এ জমি দখলে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও ডা. গফ্ফার ও নাসিরের নেতৃত্বে হামলা চালিয়ে দখলচেষ্টা চালানো হয়।’হামলা-ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে নাসিরউদ্দিন ফারাজি বলেন, ‘২০০৬ সালে ১৪ শতক জমি কিনেছি। হাল রেকর্ড আমার নামে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনী তাঁদের (মমিন-সোহরাব) জমিটির দখল দিয়েছিল। আজ (সোমবার) আমি দখলে নিতে গিয়েছিলাম। লুটপাট বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। যদি কেউ দাবি করে তাঁর ক্ষতি হয়েছে, তাহলে আমি ক্ষতিপূরণ দেব।’ এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গফ্ফারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বাড়ি ও একটি স্কুলের কোনো মালামাল দেখতে পাইনি।’