বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে কানের দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে মিলবে সোনার কানের দুল। এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনের সময় গতকাল মঙ্গলবার উপস্থিত নারী-পুরুষ ও সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আমজাদ বলেন, পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা দিনে দুই-তিনবার শহর ও পাড়া-মহল্লার আবর্জনা পরিষ্কার করছেন। পাশাপাশি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা এ কাজ তদারকি করছেন। তাঁরা প্রতিদিন ভোরে পৌরসভায় হাজিরা দিয়ে এ কাজে বেরিয়ে পড়ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কমিটি। বাসাবাড়ি ও আশপাশ যেসব গৃহবধূ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, তাঁদের মধ্যে যাঁরা সবচেয়ে ভালো করবেন এমন কয়েকজনকে সোনার কানের দুল উপহার দেওয়া হবে। ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজনে আরও ডাস্টবিন বসানো হবে। বাসাবাড়ির ময়লা-আবর্জনা রাখার জন্য পলিব্যাগ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। অচিরেই এই শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার রোল মডেল হবে।

মেয়র আমজাদ আরও বলেন, কাজে গতি আনতে মেয়র-কাউন্সিলররাও ঝাড়ু হাতে নিতে ইতস্ততবোধ করছেন না। ইতিমধ্যে এই কাজ করে তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভায় সরকারি বরাদ্দ কম থাকায় ট্যাক্সের টাকায় পৌরসভার সব কার্যক্রম চলছে। এর ফলে নাগরিকেরা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থসংকটের কারণে সময়মতো রাস্তাঘাট সংস্কার বা মেরামত করা সম্ভব হয়ে ওঠে না। তবে এলজিএসপি প্রকল্পের আওতায় পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়নে কাজ হচ্ছে। ইতিমধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্ন্যান্স সার্ভিসেস প্রজেক্টের আওতায় শহরের এয়ারপোর্ট সড়কটির প্রায় ৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ পুরোদমে শুরু হয়েছে। এ কাজে ব্যয় হচ্ছে ১৮ কোটি ৬৬ লাখ টাকা। এসব কাজ শেষ হলে পৌরবাসীর চলাচলের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।