
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগরী গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের পাঁচ গ্রামজুড়ে বিক্ষোভ হয়েছে। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। তাঁরা ফসলি জমি ও বসতভিটা যেকোনোভাবে রক্ষার ঘোষণা দিয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রহ্মপুত্রের চর এলাকায় পর্যাপ্ত খাসজমি থাকা সত্ত্বেও তাঁদের ফসলি জমি ও বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের জমি ও সম্পদ বাঁচাতে গিয়ে এটা করা হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যালয় স্থাপন এবং আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য ব্রহ্মপুত্র নদের চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর আনন্দিপুর, চর দুর্গাপুর ও চর ভবানীপুরের প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাঁদের জমি অধিগ্রহণ করা হবে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চর ঈশ্বরদিয়া থেকে চর ভবানীপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাজুড়ে এ বিক্ষোভ হয়। গ্রামবাসী জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে নানা স্লোগান দেন। এ ছাড়া স্থানে স্থানে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
সকাল সাড়ে ১০টায় চর ঈশ্বরদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শত শত মানুষ কাছরিঘাট-জয়বাংলা বাজার সড়কে মানববন্ধন করছেন। পরে জয়বাংলা বাজারে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস এখানকার কৃষিজমি। হাজার হাজার দরিদ্র পরিবার কৃষিজমির ওপর নির্ভরশীল। বসতভিটাসহ ওই জমি সরকার নিয়ে গেলে প্রায় ১৫ হাজার পরিবারের মাথা গোঁজার ঠাঁই থাকবে না।
বক্তাদের কেউ কেউ বলেন, ‘আমরা শহর চাই, তাই বলে দরিদ্র মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ করে উন্নয়ন চাই না।’
বেলা সাড়ে ১১টার দিকে চর দুর্গাপুর গ্রামের ছানিরপুর মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে শত শত মানুষ হাতে ব্যানার নিয়ে জমি অধিগ্রহণের প্রতিবাদ জানাচ্ছেন। গ্রামবাসীর অভিযোগ, এই পাঁচটি গ্রামে ১৯৮৩ সালের হিসাব অনুযায়ী ১৪ হাজার বসতবাড়ি রয়েছে। অথচ জমি অধিগ্রহণের পরিকল্পনায় দেখানো হয়েছে মাত্র ৩০০ বসতবাড়ি। বাকি সব চর ও গাছপালা। একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুল ব্যাখ্যা দিয়ে জমি অধিগ্রহণের পাঁয়তারা করছে। বসতভিটা ও ফসলের জমির সঠিক পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।
দুপুর সাড়ে ১২টায় ভবানীপুর বাজারে গিয়ে দেখা যায়, বিক্ষোভে অংশ নেওয়া লোকজন স্লোগান দিচ্ছেন, ‘আমাদের দাবি মেনে নাও, নইলে মুখে বিষ দাও’।
একই সময়ে চর আনন্দিপুর ও চর গোবিন্দপুর গ্রামের মানুষকেও সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করতে দেখা যায়। তাঁদের মুখে স্লোগান ছিল, ‘দাবি মোদের একটাই, বসতভিটা রক্ষা চাই’।
জানতে চাইলে ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত। আধুনিক নগরী গড়তে হলে কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত হবেই। এর জন্য সরকার ক্ষতিপূরণ দেবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।’