বাড়ি ও দোকানভাড়া বৃদ্ধি বন্ধের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বাড়িভাড়া ও দোকানভাড়া বৃদ্ধি বন্ধের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীতে বাড়িভাড়া ও দোকানভাড়া বৃদ্ধি বন্ধের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা উত্তর, দক্ষিণ সিটিসহ সারা দেশে বাড়িভাড়া ও দোকানভাড়া বৃদ্ধি বন্ধের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা ভাড়াটেদের জিম্মি করে বাড়িওয়ালারা যেন বছর বছর তাঁদের মনমতো ও সুবিধামতো ভাড়া বৃদ্ধি না করেন, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়েছে।

ভাড়াটিয়া পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানববন্ধনে ভাড়াটিয়ার পরিষদের সভাপতি মো. বাহরানে সুলতান বাহার বলেন, ‘বছরের প্রথম মাস এলেই বাড়িওয়ালারা বাড়িভাড়া বৃদ্ধির একটি অলিখিত নিয়ম চালু করেছেন। ইতিমধ্যে নতুন বছরের জানুয়ারি মাস থেকে বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ অনেক ভাড়াটে পেয়েছেন। এলাকাভিত্তিক একেক বাসার ধরন অনুযায়ী অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধি করা হয়। অনেক জায়গায় বছরে একাধিকবার বাড়িভাড়া বৃদ্ধিরও অভিযোগ রয়েছে। আর যাঁরা আমরা ভাড়াটে হিসেবে থাকতে বাধ্য, তাঁদের এমন নির্মম অত্যাচার সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না। নিজেদের কর্মস্থল এবং শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে ভাড়া বৃদ্ধির পরও আমরা থাকতে বাধ্য হই।’

মো. বাহরানে সুলতান বাহার বলেন, এই ভাড়া বৃদ্ধির জন্য বাড়ির মালিকেরা অনেক কারণের কথা বলেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়, সার্ভিস চার্জ, লিফটের চার্জ, জেনারেটরের তেলের মূল্যবৃদ্ধি, সিঁড়ি মোছার জন্য বুয়ার বেতন, দারোয়ানের বেতন ইত্যাদি।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, ভাড়াটেদের জিম্মি করে বাড়িওয়ালারা প্রতিবছর তাঁদের মনমতো ও সুবিধামতো ভাড়া বৃদ্ধি করে থাকেন। সেই সঙ্গে এক বা দুই মাসের অগ্রিম ভাড়া নেওয়ার একটি প্রথা বাড়িওয়ালাদের মধ্যে চালু আছে। বাড়িওয়ালারা যুক্তিহীনভাবে বাড়ি ও দোকানভাড়ার অগ্রিম নিয়ে থাকেন। আর বাসা ভাড়া নেওয়ার পর তাঁদের এই নির্যাতনের পরিমাণ যেন আরও বেড়ে যায়। রাত ১০-১১টার মধ্যে গেট বন্ধ, বাড়ির ছাদে ওঠা যাবে না, বাসায় বেশি মেহমান আসা যাবে না আর এলেও বেশি দিন থাকা যাবে না, সময়মতো পানি না দেওয়া, ভাড়া দিতে এক-দুই দিন দেরি হলে অপমানজনক কথা বলা, ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়া, ভাড়ার রসিদ না দেওয়া, বাসার কোনো রিপেয়ারিং থাকলে সেটা করে না দেওয়া, পর্যাপ্ত সিকিউরিটি না থাকা ইত্যাদি। বাড়িভাড়া বৃদ্ধির ঊর্ধ্বগতির চাপে সাধারণ ভাড়াটেরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। কোনো ভাড়াটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেন এবং বর্ধিত ভাড়া দিতে অস্বীকার করেন, সে ক্ষেত্রে বাড়িওয়ালারা খারাপ ব্যবহার করেন এবং জোরপূর্বক উচ্ছেদও করে থাকেন। বিনা নোটিশে তৎক্ষণাৎ বাড়ি ছাড়ার হুমকি দেন অনেকে।

ভাড়াটিয়ার পরিষদের সভাপতি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, চিকিৎসা খরচ প্রভৃতি বৃদ্ধির পরও বাড়িওয়ালাদের কারণে আমরা হিমশিম খাই। আমাদের আয়ের ৪০-৫০ শতাংশ টাকা বাড়ি ভাড়া দিতে হয়। এ অবস্থা থেকে আমরা পরিত্রাণের কোনো পথ পাচ্ছি না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই বাড়িভাড়া বৃদ্ধি রোধে হাইকোর্টের দেওয়া রুলের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও প্রজ্ঞাপন জারি করুন।’

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, কেন্দ্রীয় নেতা শেফালী হোসেন, মো. মোস্তফা, জামাল শিকদার প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজনীতিবিদ দীপু মীর, শিক্ষকনেতা সামছুল আলম, শ্রমিকনেতা তপন সাহা প্রমুখ।