বাড়ি ও বৌদ্ধমন্দির মেরামতে সহায়তা দেবে সরকার
কক্সবাজারে হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি বাড়ি ও ১১টি বৌদ্ধমন্দির (ক্যাং) মেরামতে সহায়তা করবে সরকার। এ ঘটনায় নতুন করে আরও ৮৮ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, শনিবার কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিএনপির দাবি অনুযায়ী রামুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনিকভাবে যে তদন্ত কমিটি হয়েছে, তারা সফল হলে বিচার বিভাগীয় তদন্তের দরকার হবে না।ঘটনার রাতে রামুর স্থানীয় প্রশাসনের ‘নীরব ভূমিকা’ পালনের যে অভিযোগ এসেছে, তা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে প্রতি ঘরে ঘরে নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এটা আমরা করতেও চাই না। বাংলাদেশ পুলিশি রাষ্ট্র নয়।’