বাড়ি কেনার নামে প্রতারণা, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের ভিটেবাড়ি কেনার নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি এখন পাশের একটি গ্রামে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও এলাকা ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পরিবারের অভিযোগ, লাহিড়ী মোহনপুর ইউনিয়নের লাহিড়ী পাড়ার সুশীল চন্দ্র সূত্রধর (৭৫) তিন শতাংশ জমির ওপর বাড়ি বানিয়ে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। প্রতিবেশীদের চাপের মুখে একপর্যায়ে তাঁরা বাড়িঘর বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ জন্য পাশের কোয়ালিবের গ্রামের কাঁচামাল ব্যবসায়ী খোরশেদ আলমের সঙ্গে কথাবার্তা হয়। তিন শতাংশ জমির দাম তিন লাখ ৮০ হাজার টাকা ঠিক হলে তাঁরা সোমবার উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে নিবন্ধন করতে যান।
সুশীলের ছেলে প্রদীপ কুমার সূত্রধর বলেন, ‘সোমবার বাবা, আমার স্ত্রী প্রতিমা রানীসহ আমরা তিনজন নিবন্ধন করতে যাই। নিবন্ধনের আগেই জমির দাম বাবদ তিন লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করার কথা। কিন্তু সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বরে গিয়ে দেখা যায়, প্রতিবেশী জেলহক ওরফে ডাকু মিয়া লোকজন নিয়ে সেখানে উপস্থিত রয়েছেন। পরে খোরশেদ আমার বাবাকে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ভেতরে নিয়ে যান। এ সময় আমাকে এবং আমার স্ত্রীকে অন্য একটি দোকানের পাশে কলিমুদ্দীন নামে একজনের সঙ্গে বসে অপেক্ষা করতে বলেন। নিবন্ধন সম্পন্ন হলে সব টাকা একসঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। পরে তাঁরা বাড়িটি খোরশেদের নামে নিবন্ধন না করে জেলহকের বাবা এন্তাজ আলীর নামে করেন। নিবন্ধনের পর বাবাকে শ্যামলী পাড়ার বাসস্ট্যান্ডে রেখে তাঁরা পালিয়ে যান।’
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে থাকা কলিমুদ্দীনও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন এসে তাঁকে ধরে পুলিশে দেন।’
মামলার বাদী প্রতিমা রানী সূত্রধর জানান, ‘চাকরির সুবাদে খোরশেদের স্ত্রী রনি খাতুনের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। এ কারণেই তাঁদের কাছে বাড়িটি বিক্রি করতে রাজি হয়েছিলাম। ডাকু মিয়াকে আমরা ভয় পেতাম। এ কারণে তাঁর কাছে আমরা জমি বিক্রি করতে চাইনি। কিন্তু খোরশেদ তাঁদের সঙ্গে আঁতাত করে প্রতারণার মাধ্যমে জমিটি নিবন্ধন করে নিয়েছে। এরপর টাকা না দিয়ে আমাদের বাড়িঘর দখলে নিয়েছে।’
জেলহকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রেজিস্ট্রি করার পর সব টাকা খোরশেদ আলমের কাছে দেওয়া হয়েছে। খোরশেদ টাকা না দেওয়ায় তাঁরা মামলা করেছেন। জমি রেজিস্ট্রি হওয়ায় আমরা বাড়িতে উঠেছি।’