শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সুন্দর সুন্দর বাড়ি আর বিলাসবহুল গাড়ি থাকার চেয়ে একটি সুশিক্ষিত সন্তান থাকা অনেক গর্বের। তাই সুরম্য প্রাসাদ গড়ার চেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একমাত্র সুশিক্ষিত নতুন প্রজন্মই পারে ক্ষুধা ও দারিদ্র্য দূর করে দেশটাকে পাল্টে দিতে।’ গতকাল শনিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে শুক্রবার রাতে সিলেটের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। নৈতিক মূল্যবোধের শিক্ষাও দরকার। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুদ্দিন খান সংবর্ধন নামের গ্রন্থের প্রকাশনা সংস্থা উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তফা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ ও শামছুদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্বাসউদ্দিন। যুগের সঙ্গে সংগতি রেখে নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য তৈরি করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষার গুণগত মান পরিবর্তন করতে হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। দেশ ও জাতির উন্নয়নের জন্য সময়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তথ্যপ্রযুক্তির আধুনিকতা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই হাতিয়ার কাজে লাগাতে হবে। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, নারীশক্তির জাগরণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তাই ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের অবহেলিত নারীসমাজকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্ত্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক গোলাম কিবরীয়া, শিক্ষক আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব প্রমুখ।এ ছাড়া এদিন সকাল নয়টায় মন্ত্রী উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রামে নতুন বিদ্যুৎসংযোগের উদ্বোধন, সকাল ১০টায় জলঢুপ দিননাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বেলা দুইটায় শেওলা-বালিঙ্গা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন ও ডেউনগর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।