দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সম্প্রতি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাংসদ ননী গোপাল মণ্ডল নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় বাড়ি, প্লট ও জিপের কথা উল্লেখ করেননি।
এ বিষয়ে ননী গোপাল মণ্ডল বলেন, ‘যে বাড়ি কিনেছি তাকে বাড়ি বলা চলে না। গাড়ি আর বাড়ি তো সব মন্ত্রী-এমপিই পেয়েছে। শুধু এ বিষয়ে আমাকে ধরছেন কেন।’
হলফনামা অনুযায়ী ননী গোপালের বার্ষিক আয় কৃষি খাতে ৩০ হাজার টাকা, ব্যবসা থেকে দেড় লাখ টাকা, সম্মানী চার লাখ টাকা, মৎস্য খামার থেকে দুই লাখ টাকা। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী ননী গোপালের বার্ষিক আয় ছিল কৃষি খাতে ২৮ হাজার টাকা, ব্যবসা থেকে এক লাখ ২৪ হাজার টাকা, সম্মানী ১৮ হাজার টাকা (কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান), মৎস্য খামার থেকে দেড় লাখ টাকা।
এই আয় দিয়ে কীভাবে বাড়ি ও জিপ কেনা সম্ভব, জানতে চাইলে ননী গোপাল বলেন, ‘এর অনেক ইতিহাস আছে, যাক সেসব বলব না। আপনারা যা খুশি তা-ই লেখেন।’
পাঁচ বছরে সাংসদ ননী গোপাল দাকোপের চালনা পৌরসভার ৮ নম্বর আচাদা ওয়ার্ডে একটি পাকা দালান (বাড়ি) কিনেছেন, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। শুল্কমুক্ত সুবিধায় জিপ কিনেছেন প্রায় ৬৫ লাখ টাকায়। রাজউক থেকে কিনেছেন ১০ কাঠার প্লট। এগুলো তিনি হলফনামায় উল্লেখ করেননি।
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঞ্চানন মণ্ডল বলেন, ‘পাঁচ বছর আগে মোটরসাইকেলে করে চলাফেরা করতেন ননী গোপাল। তখন তাঁর সম্পদ ছিল সামান্য। এখন জিপে চড়ে বেড়ান, বাড়ি কিনেছেন। মাঝে একটি অনলাইন পত্রিকা লিখেছে, ব্যাংককে তাঁর নাকি ৩২ হাজার ডলার আছে।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কৈলাশগঞ্জ ইউনিয়নের কৈলাশগঞ্জ, হরিণটানা ও রামননগর গ্রামের বিভিন্ন জায়গায় পাঁচ বছরে প্রায় ৫০ বিঘা জমি কিনেছেন ননী গোপাল। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন নিয়োগে তাঁর বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া টিআর, কাবিখার বরাদ্দ থেকেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।
ননী গোপালের মামা ও থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিত চন্দ্র রায় বলেন, ‘দপ্তরির চাকরি দেবে বলে আমার কাছ থেকে মাস আগে ২৫ হাজার টাকা নিয়েছে। এখন বলছে, কেন আমাকে টাকা দিলে?’ কলেজে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের বিষয়ে মহিত বলেন, ‘নিজের মামা পার পায়নি, ওরা পার পাবে কী করে। টাকা নিয়ে নিয়োগের ব্যাপারে তো পুরো দাকোপবাসী জানে।’
নিয়োগের বিষয়ে জানতে চাইলে ননী গোপাল মণ্ডল ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এলাকায় গিয়ে যা জেনেছেন, তা-ই লেখেন।’