বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ গতকাল বুধবার শেষ হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন, গত মঙ্গলবার পর্যন্ত ২২ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ এবং তালিকায় থাকা সাত লাখ মৃত ভোটারের নাম সংগ্রহ করা হয়েছে।

গত ২৫ জুলাই থেকে হালনাগাদের কাজ শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ গতকাল শেষ হলেও ভোটার হওয়ার উপযুক্ত নাগরিকেরা চাইলে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) সূত্র বলেছে, ঢাকায় সবচেয়ে বেশি নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। সবচেয়ে কম তথ্য সংগ্রহ হয়েছে বরিশাল অঞ্চলে। নতুন ভোটার হতে আগ্রহী ১৪ লাখ ৮০ হাজার ৭১১ জন ফরম পূরণ করেছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলে সবেচেয়ে বেশি, ২ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন ফরম পূরণ করেছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে ইসি ভালো সাড়া পেয়েছে। তবে কিছু ক্ষেত্রে তাঁরা জেনেছেন, জন্ম নিবন্ধন সনদ নিতে অনেকের আগ্রহ কম থাকায় অনেকে নিবন্ধন ফরম পূরণ করেননি। এ ছাড়া বড় ধরনের কোনো অভিযোগ তাঁরা পাননি। তিনি বলেন, কেউ বাদ পড়লে যেকোনো সময় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে।