বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রুবেল মিয়া নামের এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও রুবেলের পরিবার জানায়, রুবেল (২৩) অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার মোর্শেদ (২২) ও রতন (২০) তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে আখাউড়া উপজেলার খড়মপুরে নিয়ে মোর্শেদ, রতন ও তাঁদের সহযোগীরা রুবেলকে পিটিয়ে গুরুতর জখম করেন। রাত ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশায় করে রুবেলকে তাঁর বাড়ির সামনে রেখে যাওয়া হয়। পরে লোকজন তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত দেড়টার দিকে রুবেলের মৃত্যু হয়। গতকাল শুক্রবার দুপুরে ওই হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়। রুবেলের মা রেহেনা বেগম প্রথম আলোকে জানান, রুবেলকে মোর্শেদ ও রতন সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বাড়ি সামনে ফেলে রেখে যায়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমসংক্রান্ত ঘটনার জের ধরে রুবেল খুন হয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।