বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দুর্গাপুর গুচ্ছগ্রামে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন খান জাহান আলী নামের এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তাঁর বাবা মৌলা আলী, ছোট বোন রেখা বেগম ও লিলি বেগম আহত হন।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, খান জাহানের (২২) বাবা ও তাঁর আত্মীয়দের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের এক সংঘর্ষের ঘটনায় করা মামলায় প্রায় তিন মাস ধরে খান জাহান ও তাঁর বাবা পলাতক ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তাঁরা জামিন নেন। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন পেয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন তাঁরা।রাত সাড়ে নয়টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ২০-২৫ জনের একটি দল খান জাহানকে ঘর থেকে টেনেহেঁচড়ে বাইরে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী খান জাহানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির সারা শরীরে ধারালো অস্ত্রের কুপের জখম ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আখাউড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম গতকাল রাত আটটার দিকে বলেন, মামলার প্রক্রিয়া চলছে।