বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে মো. নাহিদ (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ফতুল্লার দাপা ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ পিলকুনী এলাকার আবদুস সাত্তার মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, সন্ত্রাসী খেলাফত বাহিনী পরিকল্পিতভাবে নাহিদকে হত্যা করেছে। নাহিদের পরিবার সূত্র জানিয়েছে, রাত আটটার দিকে খেলাফত বাহিনীর প্রধান খেলাফত হোসেন রাজুর নেতৃত্বে দুলাল, রনি, মামুনসহ সাত-আটজন সন্ত্রাসী বাসায় এসে অস্ত্রের মুখে নাহিদকে তুলে নিয়ে যায়। এ সময় নাহিদের বাবা সাত্তার মিয়া তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতিমিনতি করেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নাহিদকে পিলকুনীর ব্যাংক কলোনি এলাকায় খেলাফতের বাড়ির পাশের একটি খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা রড, হকিস্টিক ও লাঠি দিয়ে নাহিদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁদের অস্ত্রের ভয় দেখায়। নাহিদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে। পরে আশপাশের লোকজন নাহিদকে উদ্ধার করে শহরের খানপুরের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাম্মদ আলী বলেন, নাহিদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে পিলকুনী এলাকার খেলাফত হোসেনের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, খেলাফত বাহিনীর সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। খেলাফত হোসেন গত বছরের ১৯ মার্চ ফতুল্লা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।