বাড়ি থেকে রেলের চোরাই তেল উদ্ধার স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে রেলের তেল চুরি ও পাচারের অভিযোগে জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর বাড়ি থেকে ৫০০ লিটার তেল উদ্ধার করা হয়। জামাল উদ্দিন ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা বলে জানা গেছে।ঈশ্বরদী থানার পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার দিকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদের নেতৃত্বে উপজেলার শৈলপাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে কিছু হাইস্পিড ডিজেল উদ্ধার করা হয়। পরে জামাল উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির গর্তে লুকিয়ে রাখা আরও ৫০০ লিটার হাইস্পিড ডিজেল উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থান থেকে তেল চুরির সামগ্রী ও একটি বড় তলোয়ার উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে দেওয়া তথ্যে জামাল উদ্দিন নিজেকে ঈশ্বরদী ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, জামাল উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্বীকার করেন, এলাকার মিজান, বারী, হান্নান, আটুসহ বেশ কয়েকজন চুরির সময় তাঁর সঙ্গে থাকেন। চলন্ত ট্রেন থেকেও তেল চুরি করেন তাঁরা। এ সময় ট্রেনের চালক ও ফায়ারম্যান তাঁদের সহায়তা করেন। এ ছাড়া রেল ও থানার পুলিশ এবং কিছু রেলওয়ের কর্মকর্তাকে নিয়মিত বখরা দিয়ে দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরদী লোকোমোটিভ এলাকা থেকে তেল চুরি ও পাচার করে আসছেন। গ্রেপ্তারের পর জামালকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বিকেলে থানার এসআই ইব্রাহীম খান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।