স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কিছু না জেনেই তাঁর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জমির মালিকের সঙ্গেও আলোচনা করা হয়নি।
জন্মাষ্টমী উপলক্ষে গত শনিবার বিকেলে ফরিদপুরে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গোয়ালচামট মহল্লার শ্রী-অঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করে জেলা পূজা উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে মন্ত্রীর আগে বক্তব্য দেন ফরিদপুরের ঝিলটুলী মহল্লার অরুণ গুহ মজুমদার।
গত ৬ আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ফরিদপুরে এলজিআরডি মন্ত্রীর বিরুদ্ধে অরুণ গুহ মজুমদারের বাড়ি দখলের অভিযোগ করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কোনো কিছু না জেনে আমার বিরুদ্ধে “হিন্দুর জমি দখলসংক্রান্ত” অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে জমিদাতার সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি।’ মন্ত্রী বলেন, ‘রানা দাশগুপ্তের এ মিথ্যা অভিযোগের পেছনে ভিন্ন কোনো এজেন্ডা থাকতে পারে।’ মন্ত্রী আরও বলেন, ‘আপনি (রানা দাশগুপ্ত) যে এজেন্ডা নিয়েই কাজ করুন না কেন; আগামীতে ফরিদপুর নিয়ে মাথা ঘামাবেন না।’
অনুষ্ঠানে অরুণ গুহ মজুমদার গত ২৯ আগস্ট ফরিদপুর প্রেসক্লাবে দেওয়া তাঁর লিখিত বক্তব্যের মতোই একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ‘আমার টাকার প্রয়োজন হওয়ায় জমি বিক্রির সিদ্ধান্ত নিই। আমি প্রথমে প্রতিবেশী এলজিআরডি মন্ত্রীকে জমি কেনার প্রস্তাব দিই। প্রথমে মন্ত্রী জমি কিনতে রাজি হননি। আমি তখন তাঁর (মন্ত্রীর) হাত ও পা ধরে কাঁদো কাঁদো স্বরে অনুরোধ জানানোর পরই তিনি রাজি হন।’ অরুণ গুহ আরও বলেন, জমি বিক্রি করে ন্যায্য মূল্য পেয়েছি।’
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান উপস্থিত থাকলেও তাঁরা বক্তব্য দেননি। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সভাপতি দিলীপ কুমার রায়, ফরিদপুর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শিব প্রিয়নন্দ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মহানাদ সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধু সেবক ব্রহ্মচারী। পরে জন্মাষ্টমী উপলক্ষে একটি শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী।