বাড়ি দখলের ঘটনায় থানায় অভিযোগ করায় ফের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গুপিন্দি গ্রামের একটি বাড়ি দখলের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে আবার ওই পরিবারের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।গুপিন্দি গ্রামের মৃত হাসেন মিয়ার ছেলে শাহজালাল অভিযোগ করেন, ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাট মিয়া তাঁর লোকজন নিয়ে গত রোববার রাতে তাঁর (শাহজালাল) বাড়িতে হামলা চালান। এ সময় তাঁর চার ভাইকে পিটিয়ে বের করে দিয়ে বাড়িটি দখল করে নেন তাঁরা। রোববার রাতেই স্থানীয় সাংসদ নজরুল ইসলামকে ঘটনাটি জানালে তিনি তাঁদের বাড়ি ফিরে যেতে এবং থানায় অভিযোগ দিতে বলেন। সাংসদের আশ্বাস পেয়ে গতকাল বুধবার লাট মিয়াসহ সাতজনের বিরুদ্ধে বাড়ি দখলের ঘটনায় তাঁরা থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়ের শেষে দুপুরে বাড়ি ফেরার পরপরই লাট মিয়া তাঁর লোকজন নিয়ে আবার হামলা চালান। মারধর করে তাঁদের আবারও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ছাড়া তাঁর বোনকে পিটিয়ে হাত-পা ভেঙে রাস্তায় ফেলে রাখেন। পরে পুলিশ তাঁর বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করি। এ সময় লাট মিয়ার সঙ্গে আমার তর্ক হয়। তিনি আমার সঙ্গেও দুর্ব্যবহার করেন।’অভিযোগের ব্যাপারে মুঠোফোনে ইউপি চেয়ারম্যান লাট মিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।