বাড়ি দখলের জন্য বিধবাকে হত্যার হুমকি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিঃসন্তান এক বিধবার বাড়ি জোর করে দখল নেওয়ার পর দখলকারীরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার ওই বিধবা নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।পুলিশ, এলাকাবাসী ও ওই বিধবার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাতমোড়া ইউনিয়নের চুওরিয়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব ১৯৯৮ সালে মারা যাওয়ার পর তাঁর স্ত্রী জুলেখা খাতুনের (৬৫) বাড়ির সাড়ে পাঁচ শতক জমি দখলে নেওয়ার পাঁয়তারা শুরু করেন তাঁরই ভাশুরের ছেলে জুলহাস মিয়া ও তাঁর ছেলে পারভেজ মিয়া। এক বছর আগে তাঁরা জুলেখার বাড়ির সাড়ে তিন শতক জায়গা দখলে নিয়ে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করতে থাকেন।জুলেখা খাতুন অভিযোগ করেন, থানায় অভিযোগ দেওয়ার পর এক বছরেও তিনি তাঁর জমি ফেরত পাননি। উল্টো দখলকারীরা তাঁর বাড়ির অবশিষ্ট দুই শতক জমিও দখলে নেওয়ার জন্য তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তাই নিরুপায় হয়ে তিনি থানায় জিডি করেছেন।পারভেজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিধবাকে প্রাণে মেরে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর আমরা কারও জায়গা দখল করিনি। দলিলপত্রে ওই জায়গার মালিক আমরা বিধায় সেখানে ঘর তুলেছি।’জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘এ ব্যাপারে দুইবার সালিস করেছি। সভায় দলিলপত্র দেখে দখলকৃত সাড়ে তিন শতক জায়গা মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য দখলদারদের নির্দেশ দিই। কিন্তু গত এক বছরেও জুলহাস ও তাঁর ছেলে পারভেজ জায়গাটির দখল ছাড়েননি।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।