বাড়ি দূরে হওয়ায় স্কুলে যান না শিক্ষকেরা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের বাতির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক রয়েছেন। তাঁদের একজন কুড়িগ্রামে সিএনএডে প্রশিক্ষণে রয়েছেন। বাড়ি দূরে হওয়ায় বাকি দুজনের কেউই বিদ্যালয়ে যান না। তাঁরা দুজনে মিলে দুই হাজার টাকা দিয়ে একজন শিক্ষক ভাড়া করেছেন। ওই শিক্ষক একাই শিক্ষার্থীদের পড়াচ্ছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার পর সহকারী শিক্ষক তৌহিদুর রহমান ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। বাড়ি দূরে হওয়া তিনিসহ অপর শিক্ষক আরেফ বানু বিদ্যালয়ে যান না। অন্য শিক্ষক যতীন্দ্রনাথ প্রশিক্ষণে রয়েছেন।তৌহিদুর রহমান বলেন, বাড়ি থেকে স্কুল অনেক দূরে। তাই মাসের মধ্যে দুবার স্কুলে যান তিনি। তবে স্কুলের শিক্ষার্থীদের যাতে লেখাপড়ার ক্ষতি না হয়, সে জন্য তিনি ও নারী শিক্ষক মিলে মাসে দুই হাজার টাকা দিয়ে আবদুস ছাত্তার নামের এক ব্যক্তিকে শিক্ষক হিসেবে ভাড়া করেছেন। তিনিই মাসের পুরোটা সময় শিক্ষার্থীদের পড়ান। তৌহিদুর রহমান আরও বলেন, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ কয়েক বছর ধরে শূন্য। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বিদ্যালয়টি দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এ ছাড়া পাঠদানের পরিবেশ না থাকায় মাসের অধিকাংশ সময় বিদ্যালয়ে যাওয়া হয় না। সহকারী শিক্ষক আরেফ বানুও নিয়মিত আসেন না।আবদুস ছাত্তার বলেন, তাঁর আগে শেফালি নামের এক ব্যক্তিকে শিক্ষক হিসেবে ভাড়া করা হয়েছিল। ওই শিক্ষক চলে যাওয়ায় গত ১২ সেপ্টেম্বর থেকে তিনি একাই ক্লাস নিয়ে আসছেন। কীভাবে একা পাঁচটি শ্রেণীতে পাঠদান করেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায়ই দুটি শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে ক্লাস নিয়ে থাকেন তিনি।শিক্ষার্থীরা জানায়, বছরের ১১ মাস চলে যাচ্ছে, অথচ এখনো পাঠ্যসূচির ১ শতাংশও তাদের পড়া হয়নি। শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক বলেন, বন্যার সময় এমনিতে স্কুলে তিন মাস ক্লাস হয় না। সরকারি ছুটি মিলে বছরের অর্ধেক সময় স্কুল বন্ধ থাকে। তার ওপর একজন শিক্ষকও বিদ্যালয়ে আসেন না। এ কারণে সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লাল মিয়া বলেন, ‘যত দিন স্কুলে গিয়েছি, ভাড়াটে শিক্ষক ছাড়া আর কাউকে দেখিনি। শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি মাসিক প্রতিবেদন সভাপতির স্বাক্ষর ছাড়া কীভাবে জমা হয় এবং শিক্ষকেরা কীভাবে বেতন পান, তা-ও আমার জানা নেই।’যোগাযোগ করা হলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, কয়েক মাস হলো তিনি এখানে যোগদান করেছেন। তাই ওই বিদ্যালয়ে যাওয়া হয়নি। প্রধান শিক্ষক ও সভাপতির স্বাক্ষর করা প্রতিবেদনে তিনি প্রতিস্বাক্ষর করেন মাত্র। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষকেরা স্কুলে যান না—এমন অভিযোগ তিনি পাননি।