চট্টগ্রামের চন্দনপুরা ও পাঁচলাইশ এলাকায় বাসাবাড়ি পরিমাপের সময় বাড়ির মালিকদের কাছ থেকে নগদ অর্থ নেওয়ার অভিযোগে সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।এ দুই কর্মকর্তা হলেন: প্রধান অনুমতিপত্র পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন ও উপ-কর কর্মকর্তা শহীদ উল্লাহ। তাঁদের বিরুদ্ধে সিটি করপোরেশন-নির্ধারিত করের চেয়ে বেশি করারোপ এবং নগদ অর্থের বিনিময়ে তা কমিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর তাঁদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, প্রায় এক মাস আগে পাঁচলাইশ এলাকায় একটি বাড়ি পরিমাপের সময় মালিকের কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ দেওয়া হয় মোহাম্মদ ইয়াছিনের বিরুদ্ধে। গত সোমবার সিরাজদ্দৌলা সড়কে একটি বাসা পরিমাপের সময় শহীদ উল্লাহ ১৫ হাজার টাকা নেন। বিষয়টি তাৎক্ষণিক সিটি করপোরেশনে জানানো হয়। পরে প্রধান রাজস্ব কর্মকর্তা দুজনকেই দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।