বাড়ি ফিরতে চায় পরিবারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাড়ি ফেরা ও নিরাপত্তার দাবিতে রাজধানী ঢাকার নিজ বাড়ি থেকে সপরিবারে উচ্ছেদ হওয়া একটি পরিবার গতকাল রোববার দুপুরে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে।
রাজশাহীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন পরিবারটির বড় সন্তান রায়হান-উর-রহমান লিখিত বক্তব্যে বলেন, ২০০৬ সালে বাবার মৃত্যুর পর তিনি সংসারের হাল ধরেন। ২০১০ সাল থেকে তিনি মৌসুমি ফলসহ মাছ সরবরাহের ব্যবসা শুরু করেন। স্থানীয় সন্ত্রাসী ইকবাল কবির, সেলিম রেজাসহ আট-নয়জন তাঁর ব্যবসায় অংশীদারিত্ব দাবি করেন। তিনি তা মেনে না নেওয়ায় সন্ত্রাসীরা তাঁদের ঢাকার মিরপুর-১১ পল্লবী পলাশ নগরের বাড়িতে হামলা চালায় ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এ ছাড়া মামলা দিয়েও তাঁদের হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় গত ১৭ মাস ধরে মা ও বোনকে নিয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন। সন্ত্রাসীদের হুমকিতে তাঁরা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও পাননি বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। বর্তমানে তাঁরা রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।