বাড়ি ফিরল ৫৯০ গ্রাম ওজনে জন্ম নেওয়া আয়েশা

মাত্র ৫৯০ গ্রাম ওজন নিয়ে জন্ম নেওয়া আয়েশা ২৮ সপ্তাহে এখন সুস্থ হয়ে উঠেছে। সঠিক চিকিৎসা ও নিবিড় তত্ত্বাবধানে থাকা আয়েশার বয়স আজ তিন মাস। আজ সোমবার রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে মা-বাবার কোলে ফিরে গেছে শিশুটি।
বাংলাদেশে এই প্রথম ১.৩ পাউন্ড (৫৯০ গ্রাম) ওজন নিয়ে জন্মগ্রহণ করার পরও সঠিক চিকিৎসা ও তত্ত্বাবধানের কারণে নবজাতকটি সুস্থভাবে বেঁচে আছে—এ দাবি অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের। শিশু আয়েশার সুস্থভাবে হাসপাতাল ত্যাগ উপলক্ষে আজ অ্যাপোলো হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অ্যাপোলো হাসপাতালে গত বছরের ২৩ সেপ্টেম্বর জন্ম হয় আয়েশার। ওর পুরো নাম আয়েশা বিনতে ইশরাক। তার বাবা আলী ইশরাক এবং মা নাজিয়া ফেরদৌস। অপরিণত আয়েশাকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। জন্মের ১০১ দিন পর সুস্থ হয়ে তার বয়সী অন্য সব শিশুর মতোই স্বাভাবিক আছে।
হাসপাতালের স্ত্রীরোগবিদ্যা ও ধাত্রীবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক গুলশান আরা বলেন, নবজাতকের মা নাজিয়ার দীর্ঘকালীন উচ্চ রক্তচাপ থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ গ্রহণ করতেন। এ কারণে তাঁর গর্ভকালীন খিঁচুনি (প্রি-এক্লাম্পসিয়া) সংক্রান্ত সমস্যা ছিল। মায়ের গর্ভে থাকাকালীন ভ্রূণের নড়াচড়া, বৃদ্ধি এবং রক্ত চলাচল কম থাকায় অস্ত্রোপচার করে শিশুটিকে পরিপূর্ণ বয়স হওয়ার আগেই বের করে আনা হয়। মায়ের গর্ভে মাত্র ২৮ সপ্তাহ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর শিশুটি জন্মগ্রহণ করে।
জ্যেষ্ঠ শিশু রোগ বিশেষজ্ঞ আবু সাঈদ মোহাম্মদ ইকবাল বলেন, ৩৭ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের প্রি-ম্যাচিওর (অপরিণত বয়স্ক শিশু) নবজাতক বলা হয়। এসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণ বয়সী শিশুদের চেয়ে কম হয়। শিশু আয়েশারও পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। এ ছাড়া নবজাতকটির হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি, রেটিনার সমস্যা, মূত্রনালির সংক্রমণ, রক্তস্বল্পতা এবং দুধের প্রোটিনে অ্যালার্জি থাকায় তাকে স্তন্যপান থেকে বিরত রাখা হয়। এরপর নবজাতকটিকে ৯৫ দিন চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।
মোহাম্মদ ইকবাল বলেন, তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ করা এবং লেজারের মাধ্যমে দৃষ্টি ঠিক রাখার মতো সূক্ষ্ম ও নিবিড় পর্যবেক্ষণের কাজ করেন চিকিৎসক ও নার্সরা। বর্তমানে শিশুটির বয়স তিন মাস। সে তার সমবয়সী অন্য শিশুর মতোই মায়ের বুকের দুধ পান করছে এবং সুস্থ জীবন যাপন করছে। বাংলাদেশে এই প্রথম ১ দশমিক ৩ পাউন্ড (৫৯০ গ্রাম) ওজন নিয়ে জন্ম নেওয়ার পরও সঠিক চিকিৎসা ও তত্ত্বাবধানের ফলে নবজাতকটি সুস্থভাবে বেঁচে আছে।
চিকিৎসক ইকবাল বলেন, অপরিণত শিশুদের সহজে রোগ সংক্রমণ ও ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বেশি থাকে। এ জন্য তাঁর পরামর্শ, মা-বাবাকে সতর্ক থাকতে হবে, যেন সর্দি-কাশি-জ্বর আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে শিশুটি না আসে। এ ছাড়া পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হাতে শিশুটিকে ধরতে হবে এবং যথাসম্ভব বাইরে যাওয়া বন্ধ রাখতে হবে।
শিশু আয়েশার সুস্থভাবে হাসপাতাল ত্যাগ উপলক্ষে আজ অ্যাপোলো হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চিকিৎসক রত্নদ্বীপ চাস্কার (চিফ অপারেটিং অফিসার), এনায়েত উল্লাহ্ খান (ডিরেক্টর-বিজনেস ডেভেলপমেন্ট), আরিফ মাহমুদসহ (সিনিয়র জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেস) হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।