বাড়ি ফিরলেন 'খুন হওয়া' প্রীতম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের তরুণ প্রিয়তম ঘোষ ওরফে প্রীতমকে হত্যা করার অভিযোগে গত বছর মামলা করেছিল তাঁর পরিবার। খুন হওয়া ওই তরুণ সম্প্রতি এলাকায় ফিরেছেন।
প্রীতমের ফিরে আসার খবর জানতে পেরে তাঁকে হত্যার অভিযোগে হওয়া মামলার আসামি রিংকু ঘোষ গত শনিবার রাতে তাঁদের বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আসামিপক্ষ ও প্রীতমদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতমকে অপহরণ করে হত্যা করার অভিযোগে গত বছরের ১ আগস্ট আখাউড়া থানায় মামলা দায়ের করেন তাঁর বড় ভাই রাকেশ কুমার ঘোষ। মামলায় রাধানগরের কৃষ্ণ ঘোষ ও তাঁর ছেলে রিংকু ঘোষকে আসামি করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতে প্রীতম বাড়িতে ফিরে আসেন। এ ঘটনায় শনিবার রাতে রিংকু প্রীতমের পরিবারের লোকজনের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের সংঘর্ষে আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে প্রীতম ঘোষসহ (২০) দুজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত রিংকু ঘোষকে (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রীতম জানান, তিনি ১৪ দিন ভারতের কারাগারে ছিলেন। সেখান থেকে ছাড়া পাওয়ার পরও রিংকুর ভয়ে এত দিন বাড়ি আসেননি।