বাড়ি ফিরে নির্যাতনের বর্ণনা দিলেন আঞ্জুয়ারা
প্রায় তিন মাস পর মায়ের স্নেহের কোল ফিরে পেয়েছে কিশোরী মিম আখতার। অন্যের নামে করা মামলায় পুলিশ তাঁর মা আঞ্জুয়ারাকে আটক করে। বিনা দোষে এত দিন ধরে হাজতবাসের পর হাইকোর্টের নির্দেশে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়ার ভাড়া বাসায় গিয়ে আঞ্জুয়ারাকে তাঁর স্বামী আবদুল আজিজের জিমঞ্চায় দেন।অষ্টম শ্রেণীর ছাত্রী মিম মাকে কাছে পেয়েই গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। প্রায় তিন মাস পর আঞ্জুয়ারাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তাঁর অন্য স্বজনেরা। গতকাল সকালে পাইকপাড়া মহল্লার ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁকে দেখতে প্রতিবেশীদের প্রচণ্ড ভিড়। বিনা দোষে এত দিন ধরে হাজতবাসের পর আদালতের নির্দেশে আঞ্জুয়ারা ছাড়া পাওয়ায় খুশি মহল্লাবাসী। তারা দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান।পুলিশের নির্যাতনের বর্ণনা দিয়ে আঞ্জুয়ারা প্রথম আলোকে বলেন, ৮০০ টাকায় একটি ঘর ভাড়া নিয়ে মেয়েকে নিয়ে থাকতেন তিনি। গত ৩ আগস্ট ভোরে তাঁকে আটক করে পুলিশ হাতকড়া পরায়। গ্রেপ্তারের কারণ জানতে চাইলে পুলিশের সদস্য তাঁকে বলেন, ‘তুই লাইলী বেগম, তোর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে’। আঞ্জুয়ারা অভিযোগ করেন, ফাঁড়িতে নেওয়ার পর পুলিশ তাঁঁকে লাঠি দিয়ে বেদম মারধর করে। অমানবিক নির্যাতন চালিয়ে পুলিশ ‘তাঁর নাম লাইলী বেগম’—এমন স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।অভিযোগের ব্যাপারে বগুড়া শহরের উপশহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এএসআই) এমরানুল কবির বলেন, ভুলবশত লাইলী ভেবে আঞ্জুয়ারাকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। তবে তাঁকে কোনো প্রকার নির্যাতন বা গালিগালাজ করা হয়নি।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজামেঞ্চল হক বলেন, পুলিশের উচ্চপর্যায় থেকে ঘটনাটির তদন্ত হবে। তদন্তে পুলিশের কোনো কর্মকর্তা দোষী প্রমাণিত হলে তাঁর শাস্তি হবে। প্রসঙ্গত, ‘পরোয়ানা লাইলীর নামে হাজতবাস আঞ্জুয়ারার’ শিরোনামে ২৫ অক্টোবর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। পরে একটি রটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আঞ্জুয়ারাকে ৩১ অক্টোবর তাৎক্ষণিক মুক্তি এবং নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়।