বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর
কুমিল্লার লাকসামে পূজামণ্ডপ থেকে গত রোববার দিবাগত রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। সোয়া একটার দিকে লালমাই-চাঁদপুর সড়কে উপজেলার পরানপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁরা নিহত হন। তাঁদের আর বাড়ি ফেরা হলো না। নিহত তিন বন্ধু হলেন: পৌর শহরের উত্তর লাকসাম এলাকার সোহাগ বর্মণ (২২), অরুণ সাহা (২২) ও সোহেল সাহা (২০)।লালমাই হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বিজরার একটি পূজামণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন। পরানপুরে একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শ্যামল কান্তি বড়ুয়া প্রথম আলোকে জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।