বাড়ি ফেরা হলো না ফারজানার
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বনভোজনে গিয়েছিলেন শিক্ষকেরা। শিক্ষার্থীরা ছোট ছোট টিলা, কমলা আর পানের বাগানে আনন্দে ঘুরেফিরে খানিকটা ক্লান্ত হলে ভোজনের ডাক পড়ে। শিক্ষক-শিক্ষার্থী সবাই গোল হয়ে বসে একটি বড় বটবৃক্ষের নিচে। কেউ খাবার মুখে দিয়েছে, কেউ বা নিচ্ছে—এমন সময় আচমকা গাছের একটি ডাল ভেঙে পড়ে তাদের ওপর। আনন্দ পরিণত হয় বিষাদে। ভাঙা ডালের আঘাতে ফারজানা নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচজন।গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী রঙ্গাচর ইউনিয়নের আসাউড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ মিয়া জানান, বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে তাঁরা আসাউড়া এলাকায় বনভোজনে গিয়েছিলেন। শিক্ষার্থীরা সেখানে গিয়ে ছোট ছোট টিলা, পান ও কমলার বাগান ঘুরে দেখে। দুপুরে খাবার সময় হলে সবাই একটি বটগাছের নিচে বসে। খাওয়া শুরু হলে হঠাৎ করে গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে তাঁদের ওপর। এতে ফারজানাসহ ছয়জন শিক্ষার্থী আহত হয়। ফারজানা মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফারজানা উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের রাশিদ আলীর মেয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী জানান, এলাকার মুরব্বি ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ফারজানার মরদেহ তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।