বাড়ি ফেরার দুই ঘণ্টা পর নিজ ঘরে প্রবাসী খুন
ওমান থেকে বাড়ি ফেরার দুই ঘণ্টা পর নিজের ঘরে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রবাসী তাজুল ইসলাম খন্দকার (৫০)। গত বুধবার গভীর রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের বাহুড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রায় তিন ভরি স্বর্ণ, আড়াই লাখ টাকা এবং চারটি মুঠোফোন সেট লুট করেছে। এ ব্যাপারে নিহত তাজুলের স্ত্রী মর্জিনা আক্তার নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।নাঙ্গলকোট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দেব জানান, উপজেলার জোড্ডা ইউনিয়নের বাহুড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকার ওমানে দরজির কাজ করতেন। বিদেশ থেকে দেশে ফিরে বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি নিজ বাড়িতে পৌঁছান। বাড়ি এসে তিনি স্ত্রী ও মেয়েদের সঙ্গে খাওয়া-দাওয়ার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে তাজুল পানের পিক ফেলার জন্য ঘরের দরজা খুলতেই ১০-১২ জনের সশস্ত্র দুর্বৃত্ত ঘরে ঢুকে পড়ে। তারা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল তাজুল ইসলামের স্ত্রী মর্জিনা আক্তার (৪০) ও দুই মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত, পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর দুর্বৃত্তরা তাঁদের স্বর্ণালংকার লুট করে। অপর দলটি ভবনের অন্য কক্ষে অস্ত্রের মুখে তাজুল ইসলামকে জিম্মি করে আড়াই লাখ টাকা ও বিদেশি মালামাল লুট করে নেয়। ওই সময় তাজুল ইসলামের সঙ্গে দুর্বৃত্তদের বাগিবতণ্ডা হয়।একপর্যায়ে তাজুল ইসলাম দুর্বৃত্তদের চিনে ফেলেন। ‘তোদের চিনেছি’—এ কথা বলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর পেটে এবং গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। যাওয়ার সময় তারা বাইরে থেকে দরজা আটকে দেয়। গতকাল বৃহস্পতিবার ভোরে তাজুল ইসলামের স্ত্রীর চিৎকারে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁরা বাইরে থেকে দরজা খুলে তাজুল ইসলামের স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করেন। অন্য কক্ষে তাজুল ইসলামের রক্তাক্ত লাশ দেখতে পান।খবর পেয়ে নাঙ্গলকোট থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তাজুল ইসলামের স্ত্রী মর্জিনা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা ও ডাকাতির মামলা করেছেন। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।মর্জিনা আক্তার বলেন, দা, ছেনি ও ছুরি নিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢোকে। এরপর তাজুলকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। জানতে চাইলে মো. আলী আশরাফ ভূঁঞা বলেন, তাজুল ইসলাম হত্যাকাণ্ডে ১০-১২ জন জড়িত ছিল। তাঁর শরীরে অন্তত ২৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বড় মেয়েকে বিয়ে দিতে এসেছিলেন। ডাকাতির ঘটনা ঘটলেও এর পেছনে মেয়ের প্রেমের সম্পর্ক ও পূর্বশত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।