বাড়ি ফেরার ‘যুদ্ধ’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর স্টেশনে গতকাল বেলা একটায় টিকিটের জন্য দাঁড়িয়ে ছিলেন কয়েক শ মানুষ। কখন লাইনের শেষ মাথায় অর্থাৎ কাউন্টার পর্যন্ত যাবেন এবং টিকিট নিয়ে হাসিমুখে ফিরবেন, এ নিয়েই ছিল তাঁদের অধীর অপেক্ষা। কিন্তু তাঁরা তখনো জানতেন না, ১৫ নভেম্বরের যাত্রার সব টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে। আজ শুক্রবার কমলাপুরে ১৬ নভেম্বরের যাত্রার টিকিট দেওয়ার মধ্য দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে। এমন চিত্র বাস ও লঞ্চ টার্মিনালেও। একদিকে অগ্রিম টিকিট কেনার ‘যুদ্ধ’, অন্যদিকে শুরু হয়েছে বাড়ি ফেরার ‘যুদ্ধ’।ট্রেনের টিকিট: লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে গতকাল বেলা ১১টার দিকেই। তার পরও কমলাপুর স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিলেন হাবিবুল্লাহ। তিনি জানান, সকাল সাড়ে সাতটায় তিনি লাইনে দাঁড়িয়ে বেলা দেড়টার দিকে কাউন্টারের কাছাকাছি পৌঁছান। ‘টিকিট তো নেই, লাইনে দাঁড়িয়ে আছেন কেন?’ প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম। কাউন্টার থেকেই শুনে যাব, টিকিট নেই।’ব্যবসায়ী সানজিদা জামান বলেন, চার দিন ধরে কমলাপুর স্টেশনে আসছেন। কিন্তু কোনো দিনেরই টিকিট পাননি। শেষবারের মতো চেষ্টা করছেন, যদি একটি টিকিট পাওয়া যায়।কমলাপুর স্টেশনে নারীদের জন্য একটি কাউন্টার নির্দিষ্ট করে দেওয়া আছে। ওই কাউন্টারের সামনে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলেন শাহীনা আখতার। তিনি জানান, একটার দিকে তিনি কাউন্টারের কাছাকাছি এসেছেন। তবে টিকিট পাবেন কি না, এখনো জানেন না।রেলওয়ের কর্মকর্তারা জানান, ১৫ নভেম্বরের টিকিটের জন্য অনেকে বৃহস্পতিবার রাতেই স্টেশন প্রাঙ্গণে অবস্থান নেন। এ কারণে সকালের মধ্যেই রাজশাহী, চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর, নীলফামারী এলাকার টিকিট শেষ হয়ে যায়।বাস টার্মিনাল: নগরের বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও ঘরমুখো মানুষের পদচারণে মুখরিত ছিল সব কটি। সায়েদবাদ টার্মিনালে স্টারলাইন বাসের কাউন্টারের কর্মীরা জানান, অন্য দিনের তুলনায় গতকাল দ্বিগুণ লোক এসেছে। সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি।হানিফ পরিবহনের কাউন্টারে কথা হয় শীলা রানী দাসের সঙ্গে। তিনি জানান, ১৪ নভেম্বর খুলনা যাওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু টিকিট না পেয়ে ১১ নভেম্বরের টিকিট নিয়েছেন। এখন ভালোয় ভালোয় যেতে পারলেই হলো।সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঈদসেবা শুরু হয়েছে গতকাল থেকে। কিন্তু প্রথম দিন তেমন ভিড় ছিল না। মতিঝিল ডিপোতে যাত্রীদের ভিড় থাকলেও তা অস্বাভাবিক পর্যায়ের নয় বলে টিকিট কাউন্টারের কর্মীরা জানিয়েছেন।লঞ্চ টার্মিনাল: আমাদের কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, ঈদ উপলক্ষে আজ থেকে বিশেষ লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হবে। তবে লঞ্চের টিকিট না পেয়ে অনেক যাত্রীকে নিরাশ হয়ে সদরঘাট টার্মিনাল থেকে ফিরে যেতে দেখা গেছে।লঞ্চের টিকিট নিতে আসা আবদুস সাত্তার জানান, তিন দিন ধরে সদরঘাটে ঘুরেও টিকিট পাননি তিনি। পিরোজপুরের ভাণ্ডারিয়ার স্কুলশিক্ষিকা রেজোয়ানা বেগম জানান, ১৫ নভেম্বরের ডাবল কেবিনের অগ্রিম টিকিট নিতে এলে তাঁকে ‘নাই’ বলে জানিয়ে দেন লঞ্চের একজন কর্মচারী। তবে অতিরিক্ত টাকা দেওয়ার পর একটি কেবিন পাওয়া যায়।সমুদ্র পরিবহন অধিদপ্তরের জাহাজ পরিদর্শক আবদুল হাই জানান, শুক্রবার থেকে লঞ্চের অতিরিক্ত যাত্রী বহন এবং নানা অনিয়মের বিরুদ্ধে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আমিন বলেন, গত বুধবার থেকে সদরঘাট টার্মিনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৯ নভেম্বর পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকবে।শুরু হয়েছে ঘরে ফেরা: গতকাল বিকেলের ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। অনেকে জানিয়েছেন, নিজেরা পরে যাবেন। ভিড়ের কথা চিন্তা করে পরিবারের শিশু ও নারীদের আগেই পাঠিয়ে দিচ্ছেন। অনেকে যাচ্ছেন সপরিবারে।দুপুরে স্টেশনে কথা হয় যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাজহারুল হকের সঙ্গে। চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে। তিনি জানান, পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করতে যাচ্ছেন জামালপুরে। শুক্র ও শনিবার সরকারি ছুটি। রবি ও সোমবার ছুটি নিয়েছেন। এরপর ঈদের ছুটি এবং পরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে নয় দিনের ছুটি। তাই আগেভাগে বাড়ি চলে যাচ্ছেন।বিকেলে মহানগর গোধূলি ট্রেনে পরিবারের সদস্যদের উঠিয়ে দিতে এসেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মোসলেমউদ্দিন। তিনি জানান, সব সময় তিনি ঈদের আগের দিন বাড়ি যান। পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।