বাড়ি বাড়ি গিয়ে নারীদের দলে ভেড়ানোর চেষ্টা জামায়াতের
পবিত্র কোরআন-হাদিসের তালিম দেওয়ার নামে জামায়াত-শিবিরের নারীদল বাড়ি বাড়ি গিয়ে গ্রামের নারীদের দলে টানার চেষ্টা করছে। প্রথমে নিজেদের পরিচয় গোপন করে তালিম দেওয়া শুরু করে, পরে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে সংগঠনের ঢোকার প্রস্তাব দিচ্ছে।রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জামায়াত-শিবিরের নারীদলের এই তৎপরতার কথা জানা গেছে। এমনকি কোনো পরিবারের কোনো সংকটের খবর পেলে দোয়া করার জন্যও তারা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে। সপ্তাহের নির্ধারিত একটি দিনে তারা একেক গ্রামে গিয়ে হাজির হয়। বাঘা উপজেলার নওটিকা গ্রামের এক গৃহবধূ জানান, একদিন পাড়ার এক বাড়িতে তারা দোয়া করতে এসেছিল। ওই বাড়ির এক ছেলে বিডিআর বিদ্রোহ মামলার আসামি। মামলার রায়টা যাতে সহজ হয়, সে জন্য তারা দোয়া করতে এসেছিল। সেখানে তাদের সঙ্গে পরিচিত হওয়ার পর তারা তাঁর বাড়িতে প্রতি সপ্তাহে এক দিন করে আসে। দেখাদেখি পাড়ার মেয়েরাও তাঁর বাড়িতে বসে। তারা হাদিসের কথা বলে। শুদ্ধ করে কোরআন শরিফ পড়ার কথা বলে। একসময় তারা যাতায়াত খরচ হিসেবে কিছু টাকা চায়। মেয়েদের কাছ থেকে চাঁদা নিয়ে সেই খরচও তিনি তুলে দিয়েছেন। একদিন তারা রাজনীতির কথা তুলল। বলল, তারা জামায়াত-শিবির করে। দাঁড়িপাল্লায় ভোট দেয়। তারা তাঁদেরও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তারপর থেকে তিনি আর তাঁর বাসায় জায়গা দেননি। তিনি জানান, তাঁর স্বামী একজন দিনমজুর। তাঁরা কোনো রাজনীতি করেন না। গত এক মাস ধরে তারা আর আসে না।চারঘাট উপজেলার বনকিশোর গ্রামে গত নয় মাস আগে থেকে জামায়াতের এই নারীদল কাজ করছিল। গ্রামের লোকেরা জানান, গ্রামের তিনটা পাড়া থেকে সাত-আটজন করে নারী তাঁদের কাছে নামাজ-কালাম শিখতে আসতেন। অল্প কিছু শিক্ষিত মেয়েও সেখানে যেতেন। তাঁদের কিছু বই দেওয়া হতো। মাস খানেক আগে তাঁরা জামায়াত-শিবিরের লোক বলে তাঁদের পরিচয় দেন ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন স্কুলশিক্ষক বলেন, তাঁর স্ত্রীও সেখানে যেতেন। তাঁদের পরিচয় পাওয়ার পর বেশির ভাগ মেয়ে তাঁদের কাছে যাওয়া বন্ধ করে দেন। তার পরও জামায়াতের নারীদল তাদের যাতায়াত অব্যাহত রেখেছিল। কিন্তু ওই সময় ওই দলের নেত্রীর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি জামায়াতের একজন নেতা। এরপর তারা ওই গ্রামের যাওয়া বন্ধ করে দিয়েছে। পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের ইউনুস আলীর বাসায় প্রতি শুক্রবার গ্রামের মেয়েদের নিয়ে এই তালিমের আয়োজন করা হয়। এতে গ্রামের বেশির ভাগ পরিবার থেকেই নারীরা অংশগ্রহণ করছে। গ্রামের একটি সূত্র জানিয়েছে, মাঝেমধ্যেই সেখানে জামায়াতের নারীদলের সদস্যরা আসেন। তবে ইউনুস আলীর ছেলে খাদেমুল ইসলাম বলেন, তাঁদের বাড়িতে কোরআন শিক্ষার জন্য প্রতি শুক্রবার গ্রামের মেয়েরা আসে। এখানে তাঁর মা তাদের শিক্ষা দেন। এখানে সাংগঠনিক কোনো বিষয় আলোচনা হয় না। বাইরে থেকে যারা আসে তারাও রাজনীতির সঙ্গে জড়িত নয়।খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর প্রতিটি উপজেলাতেই এই নারী দলের সদস্যরা মাঠে নেমেছেন। গোদাগাড়ির পলাশবাড়ী, পবার শীতলাইসহ বিভিন্ন গ্রামের তালিমের নিয়মিত বৈঠক বসে। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের ছাত্রী সংস্থার নেত্রীরাও এ কাজে যাচ্ছেন। চারঘাটের একটি কলেজের অধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েজন মেয়ে সরাসরি শিবিরের পরিচয় দিয়ে তাঁর বাড়িতে চাঁদা চাইতে আসেন। তিনি কোনো রাজনৈতিক দলকে চাঁদা দেন না বললেও তাঁরা তাঁকে জামায়াত-শিবিরের আদর্শ নিয়ে বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি তাঁর বাড়িতে তাঁদের খাওয়া-দাওয়া করে যাওয়ার প্রস্তাব দেন, তবু চাঁদা দেননি।