বাড়ি বাড়ি জামায়াত শিবিরের নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তরে জামায়াত-শিবিরের তাণ্ডবলীলা দেখেছি। ২০১৩ সালে এসে স্বাধীন বাংলাদেশে তাদের তাণ্ডব আবারও দেখতে হলো। এবারের তাণ্ডব একাত্তরকে হার মানিয়েছে।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবদুস সামাদ (৭০)। তিনি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তার ঠিক পেছনে ঠায় দাঁড়িয়ে আছে পুড়ে যাওয়া তাঁরই দালানঘরটি। ঘরের মধ্যে কোনো কিছুই অবশিষ্ট নেই আর। জামায়াত-শিবিরের নৃশংসতার আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে সব।২২ মার্চ ভোরে হত্যা মামলার আসামি ধরতে পুলিশ উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উসকানিতে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ইটভাটার শ্রমিক আনিছুর রহমান (২২) নিহত হন। আনিছকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত। অভিযানে পুলিশ মামলার এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পরপরই সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের চার শতাধিক কর্মী দেশি অস্ত্রশস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকদের ৬২টি বাড়িতে হামলা চালান। পিটিয়ে আহত করেন কয়েকজনকে।২৭ মার্চ দুপুরে জয়পুর গ্রামে গিয়ে বাড়ি বাড়ি জামায়াত-শিবিরের তাণ্ডবের বীভৎসতার চিহ্ন দেখা গেছে। গ্রামের গৃহবধূ সুফিয়া খাতুন বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরের ১৫ থেকে ২৫ বছর বয়সের ৩০০ থেকে ৪০০ কর্মী বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা সাত ভরি সোনা, সাত লাখ টাকা ও কাপড়চোপড় লুট করে তারা। এরপর তারা ঘরের সব আসবাব, বইখাতা, কম্পিউটার, হাঁড়ি-পাতিল ও সাইকেলে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়।’জয়পুরের বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘হামলাকারীদের বেশির ভাগই পাশের সমসকাঠি, দেলুয়াবাটি ও চান্দুয়া গ্রামের লোকজন।’জয়পুরের অজুফা সুন্দরীর টালির ঘরটির বেশির ভাগই ভেঙে ফেলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরের সব আসবাব, বইপত্র। আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে তাঁর রান্নাঘর। ঘরের পাশের নারকেল, জামরুল, লেবু, সুপারি, কাঁঠাল ও পেয়ারাগাছও পুড়ে গেছে। তিনি বলেন, ‘আমি ওদের বললাম, তোমাদের পায়ে ধরি বাবারা, আমার ঘরটি পুড়ায়ো না। ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘরে পেট্রল ও পাউডার দিয়ে আগুন ধরায়ে দিল। টিউবওয়েলটাও ভেঙে ফেলল। কিছুই বাঁচাতি পারিনি। এখন গ্রামের একজনের কাছ থেকে হাঁড়ি, আরেকজনের কাছ থেকে চাল চেয়ে এনে রান্না করছি।’২৫ মার্চ স্থানীয় সাংসদ খান টিপু সুলতান ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছেন। মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের ৬২ জন নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাট করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমপি সাহেব ক্ষতিগ্রস্ত সব বাড়ি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি।’