বাড়ি বাড়ি যান 'গাছের ডাক্তার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ে গ্রিন সেভার্স নার্সারিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান রনি l ছবি: প্রথম আলো
আগারগাঁওয়ে গ্রিন সেভার্স নার্সারিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান রনি l ছবি: প্রথম আলো

তরুণ সোহাগ শিকদার গাছের ডাক্তার। ‘বাগান সেবক’ও বলা যায়। সবুজ রঙের টি-শার্ট তাঁর পোশাক। দুই চাকার সাইকেল তাঁর ভ্রাম্যমাণ বৃক্ষ-ক্লিনিক। সেই ক্লিনিক নিজে গিয়ে হাজির হয় রোগীর বাড়ি। রোগী মানে অসুখ-আক্রান্ত গাছ।
সোহাগ দৃঢ়তার সঙ্গে বললেন, ‘পাতা দেখেই বলে দিতে পারি গাছের কী অসুখ। কোন ভাইরাস আক্রমণ করেছে। আর অসুখ যদি বেশি জটিল হয়, তখন বস তো আছে।’
শুধু সোহাগ নন, রিয়াজ শেখ, কুতুব উদ্দীনসহ মোট ১৩ জন আছেন এমন ডাক্তার। তাঁরা গ্রিন সেভার্স-এর কর্মী। বাড়ি বাড়ি গিয়ে গাছের শুশ্রূষা করেন।
গোপালগঞ্জের মো. শহীদুল গাছের ডাক্তারের কাজ করতে করতে এখন গাছের ডাক্তারদের সুপারভাইজার। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা শহীদুলের মাসিক বেতন ১৫ হাজার টাকা। সংগঠনে শহীদুলের মতো সুপারভাইজার আছেন তিনজন। গাছের ডাক্তারদের মাসিক বেতন ১০ থেকে ১২ হাজার টাকা। তবে এখন পর্যন্ত কোনো নারী এ পেশায় নেই। রাজধানীর এলাকা অনুযায়ী ডাক্তারদের জন্য ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা আছে। ফির টাকা পরিবেশবান্ধব সংগঠন গ্রিন সেভার্সে জমা হয়।
অফিস, বাসা, বাসার ছাদে করা বাগানের গাছ পরিচর্যা করা, অসুখ সারানো এই ডাক্তারদের কাজ। সাইকেলের পেছনে একটি বাক্স, এর মধ্যে থাকে স্প্রে, নিড়ানি দেওয়ার যন্ত্র, কাটিংসহ নানান যন্ত্র।
রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের গেটের সঙ্গে লাগোয়া ছোট একটি নার্সারি গ্রিন সেভার্সের কার্যালয়। সেখানে ছোট একটি রুমে ডাক্তারদের কয়েকজন রাতেও থাকেন।
সামাজিক ব্যবসার মডেলে কাজ করা গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি। তিনি বললেন, ‘মানুষ যাতে আস্থা পায় সে জন্যই তাঁদের ‘ডাক্তার’ পদবি দেওয়া হয়েছে। মালি ডাকলে সব তরুণ এ পেশায় আসতে চাইবে না। এখন তাঁরা যে সব বাসায় যাচ্ছেন, কেউ তাঁদের অবজ্ঞা করেন না। পেশাটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গাছ সেবকেরা সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করেন। এই ডাক্তারদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংগঠনের নিজস্ব মডিউলে প্রশিক্ষণ নিতে হয়েছে।
আহসান রনি বলেন, সাইকেলের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছ থেকে উপহার পাওয়া ‘সবুজ ঢাকা’ নামের একটি গাড়িও গাছের ডাক্তাররা ব্যবহার করেন। এ গাড়ি দিয়ে গাছের চারা, ওষুধসহ অন্যান্য জিনিস পৌঁছানোর কাজ করা হয়। এই ডাক্তাররা এ পর্যন্ত রাজধানীতে ২ হাজার ৮৩০টি ছাদ বাগান তৈরিতে সহায়তা করেছেন। বাসার মালিকেরা শুধু নিজস্ব রুচি ও বাজেট জানিয়ে দেন। বাকিটা তাঁরা করেন।
২০১১ সালে গ্রিন সেভার্সের যাত্রা শুরু হয়। সংগঠনের কার্যালয় ও নার্সারি সরকারি জায়গায় কেন? আহসান রনি জানালেন, পরিবেশ অধিদপ্তরের বিশেষ সহায়তায় জায়গাটুকু পাওয়া গেছে।
গাছের ডাক্তার কার্যক্রমের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন ব্যাংক নামে একটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের আর্থিক সহায়তা পাচ্ছে এ ধরনের ৪৩০টি স্কুলে এ ব্যাংক বসানো হয়েছে। ঢাকায় এ ধরনের স্কুল আছে ১০০টির বেশি। কাঠের বক্স দিয়ে বানানো এ ব্যাংকের স্লোগান হলো, ‘জমাবো পয়সা, লাগাবো গাছ, সবুজ রাখবো পরিবেশ’। স্কুলগুলোতে একজন শিক্ষক গ্রিন অ্যাম্বাসেডর বা সবুজ দূত এবং একজন শিক্ষার্থী গ্রিন লিডার বা সবুজ নেতা হিসেবে কাজ করে। ব্যাংকে জমা টাকাপয়সা বাগানের কাজে লাগানো হয়।
সেইলর নামক প্রতিষ্ঠান বড় বড় রঙের ড্রাম বিনা মূল্যে দিচ্ছে এদের। স্কুলের বাচ্চারা ড্রামে ছবি আঁকে, নিজেদের নাম লিখে। ওই ড্রামগুলো দিয়ে গ্রিন সেভার্স ১৯টি স্কুলে বিনা মূল্যে বাগান করে দিয়েছে।
গ্রিন সেভার্স এবং দ্য ইউনাইটেড ন্যাশনস ভলান্টিয়ার্স যৌথভাবে বাংলায় প্ল্যান্ট’স ডক্টর নামের একটি এনড্রয়েড অ্যাপও পরিচালনা করছে। এ অ্যাপের মাধ্যমে ফোন করে বা গাছের ছবি তুলে পাঠিয়ে সমস্যার সমাধান পাওয়ার ব্যবস্থা আছে। ছবিসহ কোন গাছে কী অসুখ এবং অসুখের সময় করণীয় দেওয়া আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর টোটাল রিফর্ম এবং গ্রিন সেভার্স যৌথভাবে পরিচালনা করছে ‘কৃষিবাংলা ডট কম’ ওয়েবসাইট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আছে বিভিন্ন পেজ।

গাছের পরিচর্যায় ব্যস্ত গাছের ডাক্তাররা l প্রথম আলো
গাছের পরিচর্যায় ব্যস্ত গাছের ডাক্তাররা l প্রথম আলো

জামালপুরের আহসান রনি পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগ থেকে। এ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে সংগঠনের সদস্য দাঁড়িয়েছে প্রায় ৭০০ জনে। বন্ধুবান্ধব ও বিশ্বস্ত ব্যক্তিদের নিয়ে সংগঠনের স্থায়ী সদস্য সংখ্যা ১৪০। এই সদস্যরা দৈনিক এক টাকা করে অক্সিজেনের দাম হিসেবে মাসে ৩০ টাকা করে চাঁদা দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা আহসান রনিসহ অনেকেই আছেন, যাঁরা সংগঠনের আয় থেকেই বেতন পাচ্ছেন, আবার কেউ কেউ বিভিন্ন সংগঠনের প্রকল্প বাস্তবায়নের জন্য বেতন পাচ্ছেন। আহসান রনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়েছেন পরিবেশ শাখায় জাতীয় পদকসহ অন্যান্য অ্যাওয়ার্ড।
আহসান রনি বললেন, প্রথম দিকে সংগঠনের গাছের ডাক্তারদের কেউ বাড়িতে ঢুকতে দিতে আস্থা পেতেন না। এখন নিজেরাই ডেকে নিচ্ছেন।
সংগঠনের কার্যালয়ের সামনে প্লাস্টিকের বোতল, গাড়ির টায়ার, ফেলে দেওয়া জুতা, বদনা ইত্যাদি জিনিস টব হিসেবে ব্যবহার করে গাছ লাগানো। কার্যালয়ের ফটকে লেখা, ‘হাসপাতালে এক ঘণ্টা অক্সিজেনের মূল্য ২০০ টাকা, আর প্রকৃতি থেকে ফ্রি অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। আসুন না একটা গাছ লাগাই, প্রকৃতিতে কিছুটা অক্সিজেন যোগ করি।’