বাড়ি বাড়ি সার ও গাছ দেবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘আসুন, আমরা ঢাকাকে পরিষ্কার করি। ঢাকাকে সবুজ করি। আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকাকে আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য ক্লিন করব।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ছাদে বাগান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লাহ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিন।
মেয়র বলেন, ‘ঢাকা শহর বসবাসের অযোগ্য নয়। বসবাসের অযোগ্য হলে এত মানুষ ঢাকায় আসত না। ঢাকা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। অন্য শহরের তুলনায় ঢাকা অনেক নিরাপদ শহর। ঢাকাকে আরও নিরাপদ করার জন্য আমরা কাজ করছি। এটা আমার পক্ষে একা সম্ভব নয়। আমার পেছনে প্রধানমন্ত্রীর সমর্থন আছে।’ তিনি আরও বলেন ‘আমাদের ৫৭টি ফুটওভারব্রিজ আছে। পরীক্ষামূলকভাবে আমরা শাহীন স্কুলের সামনের ফুটওভারব্রিজটি ফুলের গাছ দিয়ে সাজিয়েছি। আমরা বাকিগুলোও গ্রিন করব।’ সবুজ ঢাকা কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইকোবাস চালুর কথা বলেন। তিনি বলেন ‘আগামী এক-দুই মাসের মধ্যে আমরা ইকোবাস চালু করব। এই বাস ঢাকা শহরের বাড়িতে বাড়িতে সার ও গাছ সরবরাহ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আসুন, আমরা ঢাকাকে আবার সবুজ করি। সব বাড়িতেই খালি জায়গা আছে। আমাদের এসব জায়গা কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, তেজগাঁও ও কারওয়ান বাজারের পর মোহাম্মদপুর ও গাবতলীতে উচ্ছেদ অভিযান চলবে। এ জন্য তিনি ওই সব এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।