বাড়ি-বিদ্যালয়-সড়ক তলিয়ে গেছে
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফরিদপুর সদরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার (৮ দশমিক ৬৫) ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সদরের ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল জানান, পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের বেপারিডাঙ্গি ও কালু মাতুব্বরেরডাঙ্গি গ্রামের ৫০টি বাড়ি তলিয়ে গেছে। এ ছাড়া এলাকার প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরমাধবদিয়া ইউপির চেয়ারম্যান মো. তুহিন রহমান বলেন, সমগ্র ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। বাঘেরটিলা গ্রামের সব আঞ্চলিক সড়ক নিমজ্জিত হয়েছে।সদরের অম্বিকাপুর ইউপির চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী বলেন, ইউনিয়নের আদমপুর গ্রামের ১২টি বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বলেন, সদরে চারটি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, বন্যাকবলিত ইউনিয়নগুলোর চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করতে বলা হয়েছে।