মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহন্দ গ্রামে কেরামত আলী নামের এক ব্যক্তির দখলে থাকা জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম খানের নামে ওই সাইনবোর্ড ঝোলানো হয়। এ ছাড়া দুর্বৃত্তরা কেরামত আলীর ঘরবাড়ি ভাঙচুর করেছে। কেরামত আলীর ছেলে আনোয়ার হোসেন বলেন, প্রায় ৩০ বছর আগে প্রতিবেশী ফকির মাতবরের কাছ থেকে বাড়ির পাশের নিহন্দ মৌজায় ২৪ শতক জমি কেনেন তাঁরা। এরপর থেকে তাঁরা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। ফকির মাতবর পৈতৃক সূত্রে ওই জমির মালিক ছিলেন। কিন্তু ওই জমির মালিকানা নিয়ে দুই বছর ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে তিনি আদালতে মামলাও করেছেন। মামলার কার্যক্রম এখনো চলছে। আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার তিনটি মোটরসাইকেলযোগে পাঁচ ব্যক্তি এসে ওই জমিতে সাইনবোর্ড টাঙায়। এ সময় বাড়িতে তাঁর বাবা-মা ছাড়া কেউ ছিলেন না। গতকাল শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে তিনজন যুবক আসেন। তাঁরা নিজেদের উপজেলা পরিষদের চেয়ারম্যানের আত্মীয় বলে পরিচয় দেন। এ সময় সাইনবোর্ড টাঙানো নিয়ে ওই যুবকদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ওই যুবকদের ধাওয়া করলে মোটরসাইকেল রেখেই তাঁরা পালিয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাতিজা দেলোয়ার হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল হোসেন এসে মোটরসাইকেল নিয়ে যান। এর ঘণ্টা খানেক পর ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এসে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁদের বাড়ির চারটি ঘর ভাঙচুর করে। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় কেরামত আলীর বড় ছেলে বিল্লাল হোসেন দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, প্রাথমিক তদন্তে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রহিম খান বলেন, ‘ওয়ারিশসূত্রে ওই ২৪ শতক জমির মালিক ফকির মাতবরের বোন বাচাতন বিবি। আমি বৈধভাবে ওই জমি কিনেছি। কাজেই ওই জমির বৈধ মালিক আমিই। এ জন্য ওই জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।’ তিনি বলেন, ‘কারা ঘরবাড়ি ভাঙচুর করেছে, তা আমার জানা নেই। আমি এ ঘটনার নিন্দা জানাই।’ শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, খোঁজখবর নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু মামলা না নিয়ে আপনি মীমাংসার কথা বলছেন কেন? এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘মামলার মতো বিষয় হলে মামলা নেওয়া হবে।’