বাড়ি ভাঙার কান্না নিয়ে দুপুরের রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কুড়ল গ্রামের মাদ্রাসাশিক্ষক আজিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুন গতকাল শুক্রবার বাড়িতে শেষবারের মতো দুপুরের রান্না করেন। কারণ গতকালই তাঁরা ধরলা নদীর ভাঙনের কারণে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হন। তাই রহিমা বাড়ি ভাঙার কান্না নিয়ে শেষ করেন দুপুরের রান্না।

আজিজুর মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

গত এক সপ্তাহে ধরলা নদীর প্রবল স্রোতে ভাঙনের শিকার হয়ে মোগলহাট ইউনিয়নের কর্ণপুর, ইটাপোতা, বুমকা ও কুড়ল গ্রামের ১৬টি বাড়ি নদীতে বিলীন হয়। এর একটি হচ্ছে আজিজুরের বাড়ি।

আজিজুর ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ১৬ ডিসেম্বর কুড়ল গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ৪৯ শতক জমির ওপর বাড়ি করেন আজিজুর। তিনি বাড়িতে টয়লেট, রান্নাঘর ছাড়াও পাঁচটি টিনের ঘর নির্মাণ করেন। এই বাড়িতে ১৯৯০ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন আজিজুর-রহিমা দম্পতির তৃতীয় সন্তান মোহসেনা খাতুন। মোহসেনা এখন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজিজুর-রহিমা দম্পতির মেজু মেয়ে রাশেদা খাতুনও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের বড় মেয়ে রাবেয়া খাতুন বিএ পর্যন্ত লেখাপড়া করেছেন। এই দম্পতি জীবন সংগ্রামে পরাজিত না হলেও নদীর ভাঙনে গতকাল দুপুরে ভিটেবাড়ি ছাড়তে বাধ্য হন।

আজিজুর বলেন, ‘পৈতৃক সম্পত্তির শেষ চিহ্ন বাড়ির ৪৯ শতক জমির অধিকাংশই গত এক সপ্তাহে ধরলা নদীর বুকে চলে গেছে। বাধ্য হয়ে টিনের ঘরগুলো বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে রাখছি, এখন আমি ভূমিহীন।’

কান্নাভেজা কণ্ঠে রহিমা বলেন, ‘এই বাড়িতে যখন প্রথম আসি, তখন আমরা কত খুশি ছিলাম। আর আজ চোখের পানিতে বিদায় নিতে হচ্ছে।’

মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, কুড়ল গ্রামের আজিজুরসহ এই ইউনিয়নের চার গ্রামের ১৬টি বাড়ি গত এক সপ্তাহে ধরলা নদীর গর্ভে হারিয়ে গেছে। উপজেলা ও জেলা প্রশাসনকে সার্বিক বন্যার চিত্র জানানো হলে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ত্রাণ-সহায়তা হিসেবে কিছু আর্থিক বরাদ্দ ও অন্যান্য সহায়তা পাওয়া গেছে। ইতিমধ্যে বন্যায় পানির স্রোতে এই ইউনিয়নের ব্যাপারিটারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ইটাপোতা ঈদগাহ মাঠ নদীগর্ভে চলে গেছে। এই ইউনিয়নের কর্ণপুর, ইটাপোতা, বুমকা ও কুড়লের অন্তত ৩০ একর জমি গত এক সপ্তাহে ধরলা নদীর ভাঙনে হারিয়ে গেছে।

লালমনিরহাট সদর উপজেলার ইউএনও শফিকুল ইসলাম বলেন, গত এক সপ্তাহে মোগলহাটের ১৬ পরিবারের বাড়িভিটাসহ উপজেলার চারটি ইউনিয়নের ৫৬টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যা ও নদীভাঙনজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে সার্বিক তথ্য জেলা প্রশাসনসহ বিভিন্ন ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। প্রাপ্ত সাহায্য (অর্থ ও অন্যান্য) ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।