ভারী বর্ষণে খুলনা, নড়াইল ও সাতক্ষীরায় জলাবদ্ধতা
বাড়ি, মাছ, ফসল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি
গত সপ্তাহের শনি ও রোববার দুই দিনের ভারী বর্ষণে সাতক্ষীরা, নড়াইল ও খুলনার কয়রায় ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। খুলনার কয়রা উপজেলায় সাত হাজারের বেশি কৃষক ও মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নড়াইলের ৮ হাজার ৪৪০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজির খেতসহ ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানোর খবর:
নড়াইল: গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার কলোড়া, শিংগাসোলপুর, বিছালী, শেখহাটি, তুলারামপুর, মুলিয়া ও হবখালি, কালিয়ার পেড়লী, হামিদপুর, কলাবাড়িয়া, সালামাবাদ, বাঐসোনা, পহরডাঙ্গা ও খাশিয়াল এবং লোহাগড়া উপজেলার কাশিপুর, দিঘলিয়া, মল্লিকপুর, নলদী, লাহুড়িয়া ও নোয়াগ্রাম ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের ফসলের মাঠ তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ছয় হাজার পরিবার।
এসব গ্রামের আউশ-আমনের বীজতলা, বিভিন্ন ফসল ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক তাদের খেতের অপরিপক্ব লাউ, ঝিঙা, শসাসহ বিভিন্ন সবজি ও পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ কম দামে বিক্রি করছেন।
সদর উপজেলার গোবরা-সোনাডাঙ্গা গ্রামের আফজাল বিশ্বাসের স্ত্রী খালেদা বেগম (৩০) বলেন, ‘বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ঘরের ভেতর হাঁটু পানি। রাস্তার ওপরে ইট পাতায়ে রান্না করতিছি। ঘরের মধ্যে বিষধর সাপ উঠিছে। তিনডে সাপ মারিছি।’ আড়পাড়া গ্রামের শুকুর মোল্লা বলেন, ‘আমার ছয়টি ঘর তলিয়ে গেছে। রাস্তার ওপর বাস করছি।’ তিনি বলেন, এলাকার প্রায় ১০ হাজার মাছের ঘের ভেসে গেছে।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক শেখ আমিনুল ইসলাম জানান, জেলায় এবারের বন্যায় ২০টি ইউনিয়নের ২০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে ৮ হাজার ৪৪০ হেক্টরের বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।
সাতক্ষীরা: জেলার তালা উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে রয়েছে। অভিভাবকেরা শিশুশিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে নিরুৎসাহিত হচ্ছেন।
গত বৃহস্পতিবার সকালে খরাইল ভবানীপুর এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই ধারে পানি ছুঁই ছুঁই অবস্থা। অনেকের বাড়ির ভেতরে পানি। বাড়িতে যাতায়াতের জন্য কেউ বানিয়েছেন ভেলা, কেউ বানিয়েছেন ডোঙ্গা। কেউবা বাঁশ দিয়ে রাস্তা থেকে বাড়ির উঠান পর্যন্ত সাঁকো তৈরি করেছেন।
খরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাকির হোসেন বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে ৮২ জন ছাত্রছাত্রী আছে। গত দুই সপ্তাহে দুবার ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে। বিদ্যালয়ের মধ্যে পানি ওঠায় ১৫ দিন ধরে সড়কের ওপর ক্লাস করা হচ্ছে।
উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা চৌধুরী বলেন, ভারী বর্ষণে তাঁদের বিদ্যালয়ের আঙিনায় ৩-৪ ফুট এবং বিদ্যালয় ভবনেও দুই ফুট পানি জমে আছে। এখন পাঁচটি শ্রেণির ক্লাস করছেন একটি কক্ষে।
প্রায় একই অবস্থা তালা উপজেলার দেওয়ানীপাড়া, উত্তর ঘোনা, রাজনগর, বলরামপুর, গঙ্গারামপুর, কাজীডাঙ্গা, খলিলনগরসহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন, ভারী বর্ষণে উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ শ্রেণিকক্ষ তলিয়ে আছে। বিদ্যালয়ের পার্শ্ববর্তী উঁচু স্থানে পাঠদান চলছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, তালা মহিলা মাদ্রাসা, তালা মহিলা কলেজ, শহীদ কামেল মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়, সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়, দেওয়ানীপাড়া মাদ্রাসাসহ ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ তলিয়ে আছে। শ্রেণিকক্ষে ও মাঠে পানি থাকায় পাঠদান অনুপযোগী হয়ে পড়েছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
খুলনা: জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১০ ব্যক্তি জানান, অতিবৃষ্টিতে উপজেলার সাতটি ইউনিয়নের আমন ধান ও মাছের ঘের কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকা থেকে পানি সরে গেলেও অধিকাংশ এলাকা এখনো পানিতে ডুবে রয়েছে। কয়রা উপজেলাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে কয়েকটি নদী। খালের মাধ্যমে এসব নদী দিয়েই মূলত এলাকার পানি নিষ্কাশিত হয়। কিন্তু সরকার খালগুলো ইজারা দিয়েছে। সেখানে বেড় দিয়ে মাছ চাষ করা হয়। তা ছাড়া নদীর সঙ্গে খালের যে স্লুইসগেট রয়েছে, সেটাও বহু পুরোনো। ফলে প্রয়োজনের সময় সেখান দিয়ে পানি সরতে পারে না। এ কারণে একটু ভারী বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বৃষ্টিতে কয়রার বিভিন্ন এলাকার তিন হাজারের বেশি কৃষকের ১৯০ হেক্টর জমির রোপা আমনের বীজতলা ও ২৫০ হেক্টর জমিতে আবাদ করা রোপা আমন ধান নষ্ট হয়ে গেছে। শাকসবজি নষ্ট হয়েছে ২০ হেক্টর জমির। ক্ষতিগ্রস্ত ফসলের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, কয়েক দিনের বৃষ্টিতে সাড়ে চার হাজার মাছের ঘের ও পুকুর ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত মাছচাষির সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। এতে তাঁদের ৭ কোটি ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ বলেন, বীজতলা ও ফসল ডুবে গেলেও এ বছর আমনের লক্ষ্যমাত্রা অর্জন খুব কম হবে না। কৃষকেরা আবার ঘুরে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে যেসব জমির পানি নেমে গেছে, তাঁরা চারা সংগ্রহ করে সেসব জমিতে আমন ধান রোপণ করছেন।