বাড়ি মেরামতের সময় ইটের আঘাতে শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজার এলাকার মিরবাগে একটি বাড়ি সংস্কারের সময় গতকাল বুধবার দুপুরে ইটের আঘাতে সায়েম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, শিশু সায়েম তার মা-বাবার সঙ্গে মিরবাগের একটি টিনশেডে থাকত। বাড়িটির মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি দেশে অবস্থান করে টিনশেড ওই বাড়িটি সংস্কার করছিলেন। গতকাল বেলা দেড়টার দিকে সায়েমদের পাশের কক্ষের দেয়াল ভাঙা হচ্ছিল। এ সময় শিশুটি খেলা করছিল। একপর্যায়ে কয়েকটি ইটের টুকরো ছিটকে শিশু সায়েমের মাথা ও মুখমণ্ডলে লাগে। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা আবদুল মান্নান পেশায় দিনমজুর। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সায়েম সবার ছোট।
সায়েমের লাশ কোলে নিয়ে মান্নান চিকিৎসককে উদ্দেশ করে বলেন, ‘আমি এই মৃত্যু মানি না। আমার ছেলে মারা যায়নি। আমার ছেলেকে অন্য হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দিন।’ এ সময় উপস্থিত স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিলেও বারবার কেঁদে উঠছিলেন মান্নান।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাড়ির পুরোনো দেয়াল সংস্কার করার সময় এর কিছু অংশ ভেঙে শিশুটির গায়ে লাগে। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করা হলে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।