বাড়ি যাবে সুলতানা, নিতে কেউ আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ক্যাবুর ইনচার্জ জ্যেষ্ঠ স্টাফ নার্স নাসরিনের কোলে সুলতানা। ছবি: মানসুরা হোসাইন
স্ক্যাবুর ইনচার্জ জ্যেষ্ঠ স্টাফ নার্স নাসরিনের কোলে সুলতানা। ছবি: মানসুরা হোসাইন

বিস্ময়করভাবে বেঁচে গিয়েছিল সে। সেদিন তার বয়স ছিল ২০ দিন। এরপর আশ্রয় হয় ঢাকা মেডিকেলে। সবার আদরে কোলে কোলে বেড়ে ওঠা সেই শিশু এখন সুস্থ। এখন সে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তাকে নিতে আসার কথা মামার বাড়ির লোকজনের। তবে আসবে আসবে করেও আসছে না কেউ। প্রায় তিন মাস বয়সী শিশুটির নাম সুলতানা।

গত ২২ মে রাত ১২টার পর রাজধানীর ফকিরাপুলের আল শাহিন নামের হোটেলে এক নারীর লাশের পাশ থেকে পুলিশ প্রায় মৃত অবস্থায় যে নবজাতককে উদ্ধার করে, সে-ই এই সুলতানা। গত ১০ জুন সুলতানা ও তার মা-বাবার পরিচয় উদ্ধার করে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুলতানার মায়ের নাম রিনা আক্তার (২০)। বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। আর বাবা চট্টগ্রামের পটিয়ায় টিপু সুলতান (২৫)। তিনি চট্টগ্রামে একটি দোকানে কাজ করতেন আর রিনা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুজনে প্রেম করে বিয়ে করলে পরিবার তা মেনে নেয়নি। তাই স্ত্রীকে হত্যা করে নবজাতককে রেখে পালিয়ে যান টিপু। বর্তমানে তিনি কারাগারে।

রিনা আক্তারের লাশ উদ্ধারের পর সুলতানাকে হাসপাতালে নিয়ে যান মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সবির উদ্দিন শিকদার। তিনি সেদিনের ঘটনার কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘আমরা হোটেল কক্ষের তালা খুলে ভেতরে দেখি খাট ও দেয়ালের মাঝখানে শিশুটি ঝুলে আছে। দেয়াল ও খাটের ঘষায় তার গাল ও ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। কয়েকটি আঙুল নাড়াতে দেখে দ্রুত হাসপাতালে নিই। কম করে হলেও ১৮ ঘণ্টা যুদ্ধ করে ও বেঁচেছে, তা বলাই যায়।’

সুলতানা এখনো আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু)। আজ শনিবার দুপুরে নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান মনীষা ব্যানার্জির রুমে বসেই দেখা মেলে সুলতানার। তাকে কোলে করে নিয়ে আসেন স্ক্যাবুর ইনচার্জ জ্যেষ্ঠ স্টাফ নার্স নাসরিন সুলতানা। তিনি বলেন, স্ক্যাবুতে সুলতানার দিন কাটে সবার কোলে কোলে। ‘সুলতানা’ বলে ডাকলেই ছোট মুখে হাসি ফুটে ওঠে। ওর গাল ও ঘাড়ের ক্ষতের জায়গা শুকিয়ে গেছে, এখন শুধু দাগ আছে। ওর খাবারসহ অন্যান্য খরচ দিচ্ছে হাসপাতালের সমাজসেবা বিভাগ।

মনীষা ব্যানার্জি প্রথম আলোকে বলেন, সুলতানা এখানে খুবই আদরে আছে। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর তত্ত্বাবধানে চিকিৎসায় ও খুব দ্রুত ভালো হয়ে উঠেছে। ওকে ‘হেলদি বেবি’ বলা যায়। এখন আর তাকে স্ক্যাবুতে রাখার দরকার নেই বা রাখার কথাও না। কিন্তু শিশুটির মায়ের পরিবারের লোকজন আসব, আসছি বলে শুধু সময় বাড়াচ্ছে। এদিকে সুলতানা সবার কোলে চলে যায়। তাই তার নিরাপত্তার বিষয়টিও সামনে চলে এসেছে। সুলতানা বাড়ি ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু পরিবারের লোকজন নিতে আসতে গড়িমসি করছে।

নবজাতক বিভাগের প্রধান মনীষা ব্যানার্জির কোলে খুশিতে আটখানা শিশু সুলতানা। ছবি: মানসুরা হোসাইন
নবজাতক বিভাগের প্রধান মনীষা ব্যানার্জির কোলে খুশিতে আটখানা শিশু সুলতানা। ছবি: মানসুরা হোসাইন

রিনা আক্তারের লাশ উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটির মায়ের পরিচয় উদ্ধার করার এক দিন আগেই ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তাঁর লাশটি আঞ্জুমানে মুফিদুল বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে। আদালতের আদেশে শিশুটিকে তার নানা বা মামার কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবারটি খুব দরিদ্র, তাঁরা এই শিশুকে কীভাবে বড় করবেন, তা ভেবে খুব খারাপ লাগছে।

আজ সুলতানার মামা শাহেদের মুঠোফোনে ফোন দিলে ফোন ধরেন তাঁর স্ত্রী বিবি হাজেরা। তিনি বলেন, শাহেদ সাগরে মাছ ধরতে গিয়েছেন। ফিরতে আরও দু-এক দিন লাগবে। তারপরই ঢাকায় যাবেন সুলতানাকে আনতে।