বাড়ি যেতে চাওয়াই শিশুটির অপরাধ!
নয় বছরের ছোট্ট শিশু জান্নাত। বাড়ি চাঁদপুরের হাইমচরের বাংলাবাজারে। অভাবের তাড়নায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিল গাজীপুরে। বাড়ি যেতে তার খুব মন চাইত। গৃহকর্তা-গৃহকর্ত্রীর কাছে এ নিয়ে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত নিয়ে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
হাইমচর থানা-পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ সন্তান রেখে শিশুটির বাবা মিন্টু মাতব্বর অন্যত্র চলে গেছেন। মা ফিরোজা বেগম বাধ্য হয়ে শিশুটিকে ঝিয়ের কাজে দেন। এক বছর আগে হাইমচরের মোস্তফা সরদার নামের এক ব্যক্তি শিশুটিকে গাজীপুরের জয়দেবপুরে জনৈক ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। সম্প্রতি শিশুটি বাড়ি যাওয়ার জন্য গৃহকর্তা-গৃহকর্ত্রীর কাছে আবদার করে। এ কারণে তাঁরা শিশুটিকে প্রচণ্ড মারধর ও নির্যাতন করেন। এর আগেও তাঁরা শিশুটিকে নানা অজুহাতে নির্যাতন করতেন।
জান্নাতকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে নেওয়া হয় চাঁদপুর সদর হাসপাতালে। হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপন দে বলেন, টাইলসের সঙ্গে মাথা লাগিয়ে নির্যাতন করায় জান্নাতের মাথায় বেশ ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে গরম খুন্তি ও বিদ্যুতের তারের আঘাতে ক্ষত হয়ে গেছে। তার সুস্থ হতে ১৫ থেকে ২০ দিন লাগবে।
পুলিশ জানায়, নির্যাতনের খবর পেয়ে মোস্তফা সরদার শিশুটিকে ১৪ সেপ্টেম্বর রাতে গাজীপুরের ওই বাসা থেকে হাইমচরে নিয়ে যান। শিশুটির অবস্থা দেখে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। আর মোস্তফা সরদারকে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁকে নিয়ে জয়দেবপুরে অভিযান চালায় চাঁদপুরের একদল পুলিশ। সেখান থেকে সন্ধ্যায় গৃহকর্তা ওমর ফারুককে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তাঁর স্ত্রী।
জানা গেছে, গৃহকর্তা ওমর ফারুক ঢাকা বিমানবন্দরে চাকরি করেন। আর তাঁর স্ত্রী মনি বেগম স্কুলশিক্ষিকা। জান্নাতের মা ফিরোজা বেগম বলেন, ভালো টাকাপয়সা দেওয়ার লোভ দেখিয়ে তাঁর মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটির প্রতিবেশী হাইমচর এলাকার শাহজাহান ভুঁইয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।