বাড়ি যেতে চান প্রতিবন্ধী নারী
বাকপ্রতিবন্ধী এক মহিলা দীর্ঘ এক মাস ধরে নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থান করছেন। নিজের পরিচয় ও বাড়ির ঠিকানা বলতে পারেন না তিনি। তবে বাড়ি যেতে চান। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮-২৯ বছরের ওই বাকপ্রতিবন্ধী মহিলা গত ১৮ মার্চ বাগমারার গজমতখালী সেতুর ওপর বসে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছিলেন। সেতুর ওপর কোনো লোকজন পেলেই ইশারা-ইঙ্গিতে ক্ষুধার কথা বলেন। তাঁর আকুতি-মিনতি দেখে নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর গ্রামের কৃষক বিশ্বনাথ চৌধুরী তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান। সেই থেকে তিনি এখন পর্যন্ত তাঁর বাড়িতেই আছেন। আশ্রয়দাতা বিশ্বনাথ চৌধুরী জানান, ওই মহিলা ইংরেজিতে কিছু শব্দ লিখতে পারলেও তাঁর কোনো অর্থ বহন করে না বা উচ্চারণ করা যায় না। তবে বাংলায় কিছু লিখতে পারে না। ইশারায় নিজেকে এক মেয়েসন্তানের মা বলে জানিয়েছেন। মেয়ের কাছে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করছেন। কিন্তু কোনো ঠিকানা না পাওয়ায় তাঁকে পাঠানোও যাচ্ছে না। তাঁর বাঁ পায়ের একটি আঙুল কাটা। তাঁর আত্মীয়স্বজনকে মুঠোফোন নম্বর ০১৭৪৪২৫৮৯৮১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।