বাড়ি রক্ষার হরতালে জনগণ সাড়া দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি রক্ষার এই অযৌক্তিক হরতাল জনগণ কার্যত প্রত্যাখ্যান করেছে। কারণ, একান্তই পারিবারিক স্বার্থে ডাকা বিএনপির হরতালে জনগণের কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না। হরতালের বিরুদ্ধে জনগণের ক্ষোভ-ঘৃণাও লক্ষ করা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় দলের ধানমন্ডির কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও তারা ঢাকাসহ সারা দেশে গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে সহিংসতা করেছে। বিএনপির এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে। তিনি বলেন, হরতাল প্রতিবাদের শেষ অস্ত্র। এটা এমন সময় প্রয়োগ করা উচিত যখন আর কোনো পথ থাকে না। তিনি হরতালের বিকল্প শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির পথ বের করার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশে বলেন, ‘আসুন, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখি।’ আওয়ামী লীগ বিরোধী দলে গেলে হরতাল করবে কি না জানতে চাইলে জনাব হানিফ বলেন, প্রতিবাদের শেষ অস্ত্র হরতাল। আওয়ামী লীগ শান্তিপূর্ণ হরতালের পক্ষে। সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ‘আমরা হরতালের বিরুদ্ধে নই। জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা হরতালের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচির পরিবর্তে গণ-অনশন, মানববন্ধন কর্মসূচিও করেছি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, সুজিৎ রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ। শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া হরতাল-পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, রাজনৈতিক ইস্যুবিহীন হরতাল যেমন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি রাজনৈতিক নেতৃত্ব ও প্রক্রিয়ার ওপর নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়।