বাড়ি রক্ষায় 'আত্মত্যাগে' প্রস্তুত এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তারাপুর চা-বাগান মৌজা এলাকায় বসতবাড়ি রক্ষায় যেকোনো ‘আত্মত্যাগে’ প্রস্তুত রয়েছেন এলাকাবাসী। গত শনিবার রাতে ‘আমরা সিলেটবাসী’ ব্যানারে এলাকাবাসী বৈঠক করে এ প্রস্তুতির বিষয়টি জানান।

এর আগে বসতবাড়ি রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি পেশ, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি পালনের প্রায় দুই সপ্তাহ বিরতি দিয়ে শনিবার রাতে মদিনা মার্কেট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আমরা সিলেটবাসী ব্যানারে বৈঠক হয়।
পাঠানটুলা এলাকার মুরুব্বি আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে বৈঠকে সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর রেবেকা বেগম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শাহরিয়ার কবির, ব্যবসায়ী সিরাজ খান, সুবিদবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জোবায়ের খান প্রমুখ। বৈঠকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আমরা যে কোনো আত্মত্যাগে প্রস্তুত। তবু বসতবাড়ি ছেড়ে যাব না।’

>তারাপুর চা-বাগান: গত শনিবার রাতে ‘আমরা সিলেটবাসী’ ব্যানারে এলাকাবাসী বৈঠক করে এ প্রস্তুতির বিষয়টি জানান

নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গার তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল করে শিল্পপতি রাগীব আলী মেডিকেল কলেজ, হাসপাতাল ও একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
১৫ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারাপুর চা বাগানের ৩২৩ একর চা-ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেওয়া হয়। গত ৩১ আগস্ট দ্বিতীয় পর্যায়ে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্থাপনা বাদে ৭১৫টি স্থাপনা বুঝিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চা-বাগানে সব অবৈধ স্থাপনা সেবায়েতকে বুঝিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়।
সেবায়েত প্রথম আলোকে বলেন, প্রাতিষ্ঠানিক স্থাপনা বুঝে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে এ বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেবেন।