বাড়িওয়ালা ও ভাড়াটের সুবিধায় 'নাবিকের' চার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটি এবং লকডাউন চলায় দেশের বিপুলসংখ্যক মানুষ বাসার বাইরে যেতে পারছেন না। এ সময় ব্যাহত হচ্ছে জীবন–জীবিকার দৈনন্দিন কাজ। রাজধানীসহ সারা দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। অনেক মানুষ হয়েছেন কর্মহীন। এর মধ্যে বাড়ছে নিত্যপণ্যের দাম। একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থাভাব। এতে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। এ পরিস্থিতিতে সর্বসাধারণের পক্ষে বাসা ভাড়া দিয়ে নগরজীবনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে অনেক বাড়ির মালিকের পরিবার শুধু বাড়িভাড়ার ওপরেই নির্ভরশীল। তাঁদের অনেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। এবং ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের কিস্তি পরিশোধ করেন।

আকস্মিক এই অর্থনৈতিক টানাপোড়েনে বাসাভাড়া বিষয়ে তাই একটি বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধান প্রয়োজন। বাড়িওয়ালা ও ভাড়াটে উভয় পক্ষের সুবিধার কথা চিন্তা করে দুর্যোগকালে বাসাভাড়া যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের প্রস্তাব করছে নাগরিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক)। নাবিকের আহ্বায়ক শিহাব উদ্দিন খান ও সদস্যসচিব আবদুল্লাহ হাসান এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।

নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) পক্ষ থেকে আনুষ্ঠানিক আহ্বানের পাশাপাশি এ প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক গণমাধ্যমে একটি স্ট্যাটাস ক্যাম্পেইন (Status Campaign) চালু হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক গণমাধ্যমে এক লাখ মানুষের কাছে পৌঁছানোর জন্য এ ক্যাম্পেইন বা প্রচার ঘোষণা করা হয়েছে। নাবিকের পেজে প্রকাশিত এ–সংক্রান্ত স্ট্যাটাসটি (#) হ্যাশট্যাগ দিয়ে কপি করেই এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন নেটিজেনরা।

এ প্রসঙ্গে নাবিকের সুনির্দিষ্ট প্রস্তাবগুলো হলো—

১.

সিটি করপোরেশন, পৌরসভাসমূহ সরকারঘোষিত করোনার দুর্যোগকাল পর্যন্ত বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করতে পারে।

২.

যেসব বাড়ির মালিকের ভাড়াকৃত বাড়ি নির্মাণের বিপরীতে ব্যাংকঋণ আছে, তাদের ব্যাংকঋণের কিস্তি অন্তত তিন থেকে ছয় মাসের জন্য সুদমুক্ত অবস্থায় স্থগিত করা যেতে পারে। এ বিষয়ে সরকারের বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা উচিত।

৩.
সরকারঘোষিত করোনার দুর্যোগকাল পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফ করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

৪.
দুর্যোগকাল পর্যন্ত বাড়িভাড়া অর্ধেক কমিয়ে আনা যেতে পারে। এবং ক্ষেত্রবিশেষে এই দুর্যোগকালে ভাড়াসংক্রান্ত অপারগতায় মানবিক কারণে বাড়ির মালিক তাঁর ভাড়াটেকে প্রয়োজনীয় সময় প্রদান করবেন বলে নাবিক প্রত্যাশা করে। কোনো ভাড়াটে স্বেচ্ছায় সম্পূর্ণ ভাড়াও পরিশোধ করতে পারবেন।

একটি নাগরিক সংগঠন হিসেবে নাবিক বিশ্বাস করে, প্রথম তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে বাসা ভাড়া অর্ধেক করে দিলেও বাড়ির মালিকেরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। উপরন্তু এই বিশেষ সাময়িক ব্যবস্থাপনায় বিশাল অংশের জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন অনেকাংশেই সুরক্ষিত হবে।

নাবিক উত্থাপিত প্রস্তাবগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার কাছে জোর দাবি জানাচ্ছে।

নাগরিক সংগঠন হিসেবে নাবিক করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সামাজিক সহযোগিতা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

* লেখক: সদস্যসচিব, নাবিক