পটুয়াখালীর দশমিনায় ভাইয়া বাহিনীর সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার লোকজন। গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা উপজেলার রণগোপালদী বাজার ও পার্শ্ববর্তী যৌতা এলাকায় দফায় দফায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় অন্তত আটজন আহত হয়েছে। পরদিন সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। ভাইয়া বাহিনী স্থানীয় আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা-সমর্থিত বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টায় জেলেদের চাল বিতরণে অনিয়ম নিয়ে রণগোপালদী বাজারে ইউপি সদস্য মো. হেমায়েত হাওলাদারের সঙ্গে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলী আকবরের কথাকাটাকাটি হয়। রাতে ভাইয়া বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা রণগোপালদী বাজারে দোকানপাট ও আশপাশের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। রাতে সন্ত্রাসীরা রণগোপালদীর যৌতা এলাকায় অন্তত ১০টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। বুধবার সকালে সন্ত্রাসীরা রণগোপালদী বাজারে সশস্ত্র মহড়া দেয়।রণগোপালদী বাজারের মুদি ব্যবসায়ী নির্মল হালদার অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাঁর ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে সবকিছু লুট করে নিয়ে গেছে। সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মনির (২৫), জয়দেব (৩০), দিগেন্দ্রনাথ দেবনাথ (৩২), শীতল দেবনাথ (২৮), নির্মল হালদার (৩৫), হেমায়েত হাওলাদার (৫০), নাসির হাওলাদার (৩৫) ও রেণু বালা (৬০)।মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে ভাইয়া বাহিনীর প্রধান স্থানীয় সাংসদ রনির শ্যালক মকবুল খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ জানান, জেলেদের চাল বিতরণে অনিয়ম নিয়ে উত্তেজনা ও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পরিস্থিতি শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।