বাড়িঘর নির্মাণ করায় কমছে সেচ প্রকল্পের আবাদি জমি
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের কৃষিজমিতে অবাধে বাড়িঘর, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে ওই প্রকল্পের কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। এ কারণে ফসলের উৎপাদনও কমছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্যবস্থাপনায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে ১৯৯২ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পটি চালু হয়। এ জন্য বেড়া উপজেলার বৃশালিখায় হুরাসাগর নদের পাড়ে পানি তোলার জন্য একটি ও কৈটোলায় যমুনা নদীর পাড়ে পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হয় অপর একটি পাম্পস্টেশন।পাউবোর বেড়া কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনার নয়টি, নাটোরের দুটি ও সিরাজগঞ্জের একটি উপজেলার এক লাখ ৮৪ হাজার ৫৩৪ হেক্টর জমি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এতে এক লাখ ৩৮ হাজার ৮১২ হেক্টর কৃষিজমি আছে। নিয়মবহির্ভূতভাবে ঘরবাড়ি, রাস্তাঘাট গড়ে ওঠায় প্রকল্প এলাকার কৃষিজমি কমে যাচ্ছে। বেড়া পাউবো ও কৃষি কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, ঘরবাড়ি, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা নির্মাণ করায় এই প্রকল্পের অধীন কৃষিজমি কমে যাচ্ছে। প্রকল্প চালু হওয়ার সময় এক লাখ ৩৮ হাজার ৮১২ হেক্টর কৃষিজমি থাকলেও এখন তা কমে এক লাখ ২৩ হাজার হেক্টর হয়েছে। এই হিসাবে গত ২০ বছরে ১৫ হাজার হেক্টর কৃষিজমি কমেছে।বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গড়ে ৭৫০ হেক্টর জমিতে সেচ প্রদান করা হলেও চলতি বছরে এর পরিমাণ কমে ৫০০ হেক্টরে এসে দাঁড়িয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্পের আওতাভুক্ত বেড়া, সাঁথিয়া, সুজানগরসহ কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। কৃষিজমির ওপর গড়ে ওঠা এসব বাড়ির আশপাশের জমিগুলোতেও রাস্তা নির্মাণ করা হয়েছে।স্থানীয় ব্যক্তিরা জানান, ১০-১৫ বছর আগেও সেচ প্রকল্পের আওতাভুক্ত বেড়া পৌর এলাকার আল-হেরানগরের প্রায় পুরো অংশেই ফসলের আবাদ হতো। অথচ এখন এ এলাকায় কোনো কৃষিজমি নেই। সেখানে অসংখ্য বহুতল ভবন, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিসসহ নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে। কয়েক বছরের মধ্যে এলাকাটি সেচ প্রকল্প থেকে আবাসন প্রকল্পে রূপান্তরিত হয়েছে।বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিউর রহমান বলেন, আইন লঙ্ঘন করে অনেকেই কৃষিজমিতে ঘরবাড়িসহ অবকাঠামো নির্মাণ করায় কৃষিজমি কমছে। এ ব্যাপারে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, প্রকল্পের সামান্য অংশেই বাড়িঘর, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা গড়ে উঠেছে। তবে বছরের পর বছর এভাবে স্থাপনা নির্মাণ করা হলে বিষয়টি উদ্বেগের। তিনি আরও বলেন, প্রকল্প এলাকায় বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি বন্ধের ব্যাপারে পাউবোর নিজস্ব কোনো আইন নেই। এ কারণে তাঁরা স্থপনা নির্মাণে বাধা দিতে পারছেন না।