বাড়িঘর নিশ্চিহ্ন করে জমি দখল করলেন আওয়ামী লীগ নেতা
‘ও আল্লা, তুমি কোতায় আছো, এই অবিচার তুমি কী কইরা সও। অ্যাগো পরানে কি কোনো দয়ামায়া দেও নাই? মোরা অ্যাহন কোতায় যামু...।’ নাবালক দুই সন্তান নিয়ে স্বামীর লন্ডভন্ড ভিটায় বসে এভাবেই বিলাপ করছিলেন বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত ধুরিয়াইল গ্রামের দিনমজুর মনির গাজীর (৩৫) স্ত্রী সেলিনা বেগম (২৫)। বিলাপের ফাঁকে তিনি অভিযোগ করলেন, গৌরনদী বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের দিয়ে তাঁর বসতঘর ও পানের বরজ গুঁড়িয়ে দিয়েছেন।স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধুরিয়াইল গ্রামের এই বাড়িতে ৬০ বছর আগে বসবাস শুরু করেন মনির গাজীর বাবা আবদুল মজিদ গাজী। মনির গাজী বলেন, ১৯৯০ সালে তাঁর বাবা মারা গেলে তিনি পৈতৃক সূত্রে ধুরিয়াইল মৌজার এক একর ১৭ শতাংশ জমির মালিক হন। তিনি ওই জমির এক অংশে টিনের বসতঘর নির্মাণ করে সেখানে বাস এবং ঘরসংলগ্ন জমিতে পানের বরজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। মনির গাজী অভিযোগ করেন, তাঁর সম্পত্তির ওপর আবদুর রাজ্জাকের লোলুপ দৃষ্টি পড়ে। আবদুর রাজ্জাক এর আগে একাধিকবার জমি কিনে নেওয়ার জন্য তাঁকে (মনির) প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় একাধিক মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করেন। মনির অভিযোগ করেন, গতকাল দুপুরে পুলিশের উপস্থিতিতে আবদুর রাজ্জাক শতাধিক সন্ত্রাসী নিয়ে ওই বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁদের ঘর থেকে বের করে দিয়ে বসতঘরসহ দুটি ঘর সম্পূর্ণভাবে ভেঙে পার্শ্ববর্তী রাস্তা ও ডোবায় ফেলে রাখে।মনিরের মা মনোয়ারা বেগম (৫৫) জানান, হামলাকারীরা বসতঘরের পোতা (ভিটে) মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং পানের বরজ গুঁড়িয়ে দেয়। এ ব্যাপারে আবদুর রাজ্জাক হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘ওই জমির বৈধ মালিক আমি। আমার জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছি।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়েছে। তবে আদালতের নির্দেশনামা দেখতে চাইলে তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যান।