বাড়িঘর বাজার মসজিদ নদীগর্ভে বিলীন
‘সর্বনাইশ্যা সন্ধ্যা নদী মোর ভিডামাডি সব খাইয়া হালাইছে, মোর সব শ্যাষ হইয়া গ্যাছে। ভাঙছে নদী, পুরছে মোগো কপাল!’ কথাগুলো বলছিলেন সন্ধ্যা নদীর ভাঙনে ভিটামাটিহারা বরিশালের উজিরপুর উপজেলার সাকড়াল গ্রামের রফিক বেপারী (৭৫)।শুধু রফিক বেপারী নন, সাকড়ালসহ তিনটি গ্রামের অনেকেই নদীভাঙনে নিঃস্ব হয়ে গেছেন। গত এক মাসে এই তিন গ্রামের দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি, একটি বিদ্যালয়ের দুটি পাকা ভবন, একটি বন্দর, দুুটি সেতু, দুটি মসজিদ, সোয়া এক কিলোমিটার পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মধ্যে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি বাজার।সরেজমিনে জানা গেছে, উজিরপুর উপজেলার উজিরপুর-সাতলা সড়কের সাকড়াল থেকে চতলবাড়ি পর্যন্ত প্রায় সোয়া এক কিলোমিটার সড়ক পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাকড়াল, চতলবাড়ি, পরমনন্দশাহ গ্রামের প্রায় ২০০ পরিবারের বাড়িঘর সন্ধ্যা নদী গ্রাস করে নিয়েছে। চতলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম সিকদার জানান, বিদ্যালয়ের দুটি পাকা ভবন বিলীন হয়ে গেছে। এতে প্রায় ৪০০ শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ছাড়া সাকড়াল বন্দরের প্রায় ৫০টি দোকান, দুটি সেতু, সাকড়াল গ্রামের হাওলাদার বাড়ির একটি মসজিদ এবং চতলবাড়ি মসজিদ সন্ধ্যা নদীতে হারিয়ে গেছে।চতলবাড়ি আ. মজিদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. আজিজ হাওলাদার জানান, ভাঙন রোধ করা না হলে বিদ্যালয়ের ভবন ও চতলবাড়ি বন্দর বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, চতলবাড়ি বাজারের পশ্চিম পাশের বাড়িঘর ও গাছপালা সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত মো. মুজাহার আকনসহ একাধিক পরিবারের লোকজন। এ সময় আ. মান্নান হাওলাদারের ছেলে মো. হোসেন হাওলাদার বলেন, ‘ফটোক উটিয়ে কী হরবেন? বাব-দাদার ভিটেমাটি সবই হারালাম।’ রাস্তার পাশে ছাপরা তৈরি করে বসবাস করছেন সাকড়াল গ্রামের আশ্রয়হীন নূরুল হক, আয়নাল হকসহ কয়েকটি পরিবারের লোক। তাঁরা জানান, কয়েক দিন আগেও তাঁদের সবকিছু ছিল, এখন কিছুই নেই। ভিটেমাটি হারিয়ে অনেকে রাস্তার পাশে বা অন্যের বাড়িতে অবস্থান নিয়েছেন। কেউ কেউ ঢাকায় চলে গেছেন।উজিরপুর উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, বিকল্প সড়ক নির্মাণ করা হলে তা-ও ভেঙে যায়। এত বড় ভাঙন রোধ করা সম্ভব নয়। তা ছাড়া নদীশাসন তাঁদের এখতিয়ারভুক্ত নয়। উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জরুরিভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাংসদ সৈয়দ মনিরুল ইসলাম বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু বরিশাল পাউবো কর্মকর্তাদের গাফিলতির কারণে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে না।তবে সাংসদের অভিযোগ অস্বীকার করে বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের নির্দেশনার কোনো কাগজপত্র এখনো তাঁরা পাননি।