বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্প নগর এলাকার শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার রাতে স্থানীয় ঝাউচর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, মেঘনাঘাট শিল্প নগর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ঝাউচর গ্রামের আওয়ামী লীগের সমর্থক আলম চান ও সামসুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে গত রোববার গভীর রাতে দুই পক্ষের লোকজন একে অপরের ওপর চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এ সময় সামসুজ্জামানের পক্ষের লোকজন আলম চান পক্ষের আনোয়ার হোসেন (৩৮), হানিফা (২৫), আন্দুল আলী (৫০), শাহাবুদ্দিন (৩৫), আলম চানসহ (৪০) ১৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এ সময় আলম চান পক্ষের লোকজনও পাল্টা সামসুজ্জামানের পক্ষের সামসুজ্জামান (৩০), স্বপন (৩৪), আজিজ (৩১), বিল্লাল (২৫), আমজাদ (৩৭), রহিমাসহ (৩৮) ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আলম চানের পক্ষের লোকজন রাতেই বাড়িতে ফিরে প্রথমে সামসুজ্জামানের বাড়িঘর ভাঙচুর করে ঘরের সব আসবাব লুটপাট করেন। তারপর একে একে সামসুজ্জামানের দুই ভাই আজিজ, আমিন ও তাঁর ভগ্নিপতি (সামসুজ্জামানের) স্বপনের বাড়িঘরের জিনিসপত্র নির্বিচারে ভাঙচুর করে ঘরের সব মালামালও লুটপাট করে নিয়ে যান। এ সময় সামসুজ্জামান ও স্বপনের দুটি মোটরসাইকেল ও ঘরের আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়।এ ব্যাপারে সামসুজ্জামান জানান, প্রতিপক্ষ তাঁর নিজের ও পরিবারের অন্য সদস্যদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। অন্যদিকে আলম চান জানান, প্রতিপক্ষ তাঁর সমর্থকদের চাইনিজ কুড়াল দিয়ে নির্বিচারে কুপিয়ে জখম করেছে। আহত ব্যক্তিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। থানায় দুই পক্ষের মামলার প্রস্তুতি চলছে।