বাড়িঘর ভাঙচুর, লুটপাট নারীসহ ৭১ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় গত দুই দিনে সহিংসতায় অর্ধশত মানুষ আহত হয়েছে। এ সময় ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাগেরহাটে পৃথক তিনটি সংঘর্ষ ও হামলার ঘটনায় একজন চেয়ারম্যান ও একজন ইউপি সদস্য পদপ্রার্থীসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হয়ে বৃহস্পতিবার রাতে ২২ জন ও শুক্রবার ২০ জন ভর্তি হয়েছে। এর মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউপির পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী বাছেত হোসেন অভিযোগে করেন, নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ও তাঁর কর্মীরা তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, লুটপাট ও তাঁর কর্মীদের ১০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান তছনছ করেছেন। এ সময় তাঁর ২০ জন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। হামলার ভয়ে তাঁর দুই শতাধিক কর্মী এলাকা ছাড়া হয়েছে। তবে আবুল কাশেম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিগত সময়ে যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পিটিয়ে-কুপিয়ে, হামলা-মামলা দিয়ে দেশছাড়া করেছে, তাদের সহযোগিতায় বাছেত মিয়া নির্বাচনে এসেছে। এ জন্য জনগণ তাকে প্রত্যাখান করেছে। এখন তার নামে বদনাম রটানো হচ্ছে।’অপরদিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী এলাকায় সন্ত্রাসীরা পরাজিত সদস্য পদপ্রার্থী মো. মোস্তফার বাড়িতে হামলা চালিয়ে তাঁর ভাই মো. হোসেন, মাহমুদুল হক, আবুল কালাম, সিরাজুল ইসলাম ও ফয়েজের ঘর ভাঙচুর করে। এ সময় সাতজন আহত হয়। চরভূতা ইউনিয়নের নির্বাচিত সদস্য শিপলুর কর্মী কামাল ও চাঁন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের পরাজিত সদস্য পদপ্রার্থী মোসলেহউদ্দিন তালুকদার অভিযোগ করেন, নবনির্বাচিত চেয়ারম্যান মানিক হাওলাদারের কর্মীরা বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তাঁর পরিবারের পাঁচজন সদস্য আহত হয়। সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সাইফ উদ্দিন শাহিন জানান, সহিসংতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির অভিযোগ করেছেন, পুলিশ তাঁকে এলোপাতাড়ি ও উদ্দেশ্যমূলক পিটিয়েছে। দুজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও তিন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তিনি পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।তবে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। অন্যায় সুবিধা লাভে ব্যর্থ হয়ে তিনি পুলিশ সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ আনছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেসরগাঁতি গ্রামে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ধারাল অস্ত্রের আঘাতে ইউপি সদস্য পদপ্রার্থী মুজিবর রহমান জখম হন। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী রাজপাট গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় ১১ জন আহত হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।মূলঘর ইউপির পরাজিত প্রার্থী কাজী মো. গোফরান জানান, বিজয়ী হয়ে প্রতিপক্ষ তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সোনাখালী রাজপাট গ্রামে হামলা চালিয়ে নারীসহ তাঁর অন্তত ১০ জন সমর্থককে আহত করেছে। তৌহিদুল ইসলাম বলেন, সকালে নিজাম সরদার নামে তাঁর এক সমর্থককে গোফরানের সমর্থকরা কুপিয়ে জখম করলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি এলাকায় যান ও গ্রামবাসীকে শান্ত করেন।