কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক পক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীদের হাতে আহত হয় অন্তত ১৫ জন। লুট হয় বেশ কয়েকটি গবাদিপশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১টি ফাঁকা গুলি ছোড়ে। গত শনিবার বিকেলে উপজেলার তাঁতারকান্দি গ্রামের খোকন মিয়ার নেতৃত্বে পার্শ্ববর্তী নয়াহাটি গ্রামের লোকজনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার কারণ পূর্বশত্রুতা। এ ঘটনায় গতকাল রোববার সকালে পৃথক তিনটি মামলা হয়েছে। একটি মামলায় এক হাজার ২০০ এবং অপর দুটি মামলায় ৫০০ জন করে আসামি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে গোলাম রসুল পক্ষের সুফিয়া বেগম (৩০), রিনা আক্তার (২৮), গুলজাহান বেগমকে (৪৫) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির মিয়া (২৮), আছিয়া বেগম (২৫), রুবেল মিয়া (২৬) ও আনিস মিয়াকে (৩২) ভর্তি করা হয়েছে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।এলাকাবাসী জানায়, নয়াহাটি গ্রামের ব্যাংক কর্মকর্তা গোলাম রসুলের সঙ্গে তাঁতারকান্দি গ্রামের খোকন মিয়ার বিরোধ দীর্ঘদিনের। বিরোধকে কেন্দ্র করে নয়াহাটির লোকজন গোলাম রসুল এবং তাঁতারকান্দি গ্রামের লোকজন খোকন মিয়ার পক্ষাবলম্বন করে আসছে। এক বছরের ব্যবধানে দুই পক্ষের মধ্যে অন্তত পাঁচবার সংঘর্ষ হয়। শনিবার সকালে গোলাম রসুলের চাচাতো ভাই মিষ্ঠু মিয়ার সঙ্গে খোকন মিয়ার কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খোকন মিয়া লোকজন নিয়ে সকালে এক দফা হামলা চালিয়ে ভাঙচুর করে। বিকেলে খোকন মিয়া তিনটি নৌকা দিয়ে লোক আনেন পাশের ভৈরব উপজেলার মানিকদী গ্রাম থেকে। প্রায় ৫০০ লোক একত্র হয়ে দেশি অস্ত্র নিয়ে গোলাম রসুলের বাড়িতে হামলা চালায়। হামলায় মিষ্ঠু মিয়া, মুতি মিয়া ও গোলাম রসুলের পাঁচটি ঘর ভাঙচুর হয়। হামলাকারীরা ঘরে ঢুকে জিনিসপত্র ও নগদ টাকা লুট করে। মানিকদী গ্রামের লোকজন বাড়িতে যাওয়ার সময় ছয় থেকে সাতটি গরু নৌকায় করে নিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন সাহা, বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন ৩১টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে হামলাকারীদের অনেকে নৌকা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল গোলাম রসুলের পক্ষে মিষ্ঠু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম এবং খোকন মিয়ার পক্ষে নূরে আলম বাদী হয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। সুফিয়া বেগম প্রধান আসামি করেন হারুন মিয়াকে এবং নূরে আলম প্রধান আসামি করেন মিষ্ঠু মিয়াকে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। তবে মামলার কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।গোলাম রসুল বলেন, ‘খোকন মিয়ার সঙ্গে আমাদের বিরোধ পুরোনো। আমাদের ওপর হামলা করতে তাদের এখন আর কারণ লাগে না। গতকাল একটি কথার সূত্র ধরে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে। ভৈরব থেকে লোকজন ভাড়ায় এনে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে।’ হামলার অভিযোগ স্বীকার করলেও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন খোকন মিয়া। তিনি বলেন, ‘কথা-কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষ হয়। তারাও আমাদের ওপর হামলা চালিয়ে লুটপাট করে।’ ভৈরব থেকে নৌকাযোগে লোকজন আনার কথা স্বীকার করে বলেন, ‘কুলিয়ারচরে বসবাস করলেও ভৈরবে আমার আত্মীয় রয়েছে। আমার ওপর হামলা হয়েছে জেনে কিছু লোক কুলিয়ারচর আসে। তবে তারা হামলায় অংশ নেয়নি।’ভৈরবের মানিকদী গ্রাম থেকে নৌকাযোগে এসে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী বলেন, অন্য উপজেলা থেকে লোকজন এসে হামলায় অংশ নেওয়ার কারণেই পরিস্থিতি ভয়াবহ রূপ পায়। ফলে তাঁদের গুলি ব্যবহার করতে হয়েছে। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুই গ্রামে পুলিশ মোতায়েন আছে।