বাড়িঘর ভাঙচুর ক্ষতিগ্রস্তরা পুলিশের সহায়তা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের ঘটনার জের ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামে একের পর এক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মহড়া চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন, খুনিদের সঙ্গে তাঁদের দূরসম্পর্কের আত্মীয়তা থাকার কারণেই খুনের ঘটনার সুযোগ নিয়ে গ্রামের একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র এই ভাঙচুর চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পুলিশের সহায়তা চেয়েও না পাওয়ার অভিযোগ জানিয়েছেন।ঈদের পরদিন ওই গ্রামে সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ২৩ অক্টোবর বিকেলে কড়ইকান্দি গ্রামের আসম উদ্দিনের ছেলে শাহাব উদ্দিনকে (৪৮) কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ও গ্রামবাসী জানায়। এ ঘটনায় শাহাবের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে নান্দাইল থানায় গত ২৪ অক্টোবর ২১ জনকে আসামি করে একটি মামলা করে। মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার জাকির হোসেন জানান, এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার পরদিন থেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত খুরশেদ মিয়াসহ অন্য ব্যক্তিদের বাড়িঘরে হামলা চালায় কিছু লোক। ঘটনার প্রত্যক্ষদর্শী কলেজছাত্রী খাদিজা বেগম (১৬) জানায়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আপ্তাব উদ্দিন, এমদাদুল হক ও মালেকের বাড়ির আটটি ঘর ভাঙচুর করে। বাড়িঘর ভাঙচুরের পর বিপুল পরিমাণ পানের বরজ, বিভিন্ন জাতের মূল্যবান গাছপালা কেটে ফেলা হয়। আপ্তাব উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন (৬০) অভিযোগ করেন, গ্রামে পুলিশ থাকলেও হামলা চলাকালীন তারা কোনো পদক্ষেপ নেয়নি। খুনের ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও কড়ইকান্দি গ্রামে একের পর হামলার ঘটনা চলতে থাকে। মো. মাহাবুব (৩৫) বলেন, এসব ঘটনা পুলিশকে জানানো হলেও ভাঙচুর বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।গ্রামের প্রায় ১০টি বাড়ির ১৫টি পরিবারের কেউ ঈদের আনুষ্ঠানিকতা পালন করতে পারেনি। আসমা খাতুন (৪০), আম্বিয়া খাতুন (৫০) মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া বসতভিটা দেখিয়ে বলেন, ‘এবার আমরা ঈদ করতে পারিনি। খোলা আকাশের নিচে থাকছি। হামলাকারীরা বাড়িঘর তো গুঁড়িয়ে দিয়েছেই, এখন জমির ফসল, পুকুরের মাছ লুট করে নিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা এমন হয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থটুকু তারা রাখেনি।’ এসএসসি পরীক্ষার্থী আকলিমা জানায়, হামলাকারীরা তার বইপত্র ছিঁড়ে ফেলেছে।অভিযুক্ত রতন মিয়া, সাত্তার মিয়া, মো. কিবরিয়া হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। কিবরিয়া জানান, গ্রামের একটি স্বার্থান্বেষী চক্র এসব ঘটনার হোতা। তিনি বলেন, ‘ভাঙচুরের সময় পুলিশকে বলেছি পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’যোগাযোগ করা হলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।