উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় গত সোমবার রাতে মৌলভীবাজারের রাজনগরে ২৫ জন আহত হয়েছেন। এ সময় আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। জুড়ীতে একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার ও জুড়ী: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ আছকির খানকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। রাত নয়টার দিকে তাঁর সমর্থকেরা রাজনগরের চৌধুরীবাজারে বিজয় মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজার সমর্থকদের কটাক্ষ করা হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষই পরস্পরের প্রতি ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে সংঘর্ষ বাজারের পাশের পরচক্র গ্রামেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আটটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সুরুজ মিয়া, কালাম মিয়া, রুবেল মিয়া, শিপু মিয়া, জাহান মিয়া, রিনা বেগম, পিয়ারুন বেগম, মহসিন মিয়া, ছয়ফুল মিয়া, টিটু মিয়া, ফয়ছল মিয়া, লিটু মিয়া, ওয়াহিদ মিয়া, রুবেল মিয়া, হামিদ মিয়া, ওলি মিয়াসহ কমপক্ষে ২৫ জন আহত হন। তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে জুড়ীতে সোহাগীরপার গ্রামে সোমবার গভীর রাতে সুকুমার নাথ নামের এক ব্যক্তির বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। পরে আশপাশের লোকজন আগুন নেভান। এ ঘটনায় জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ওসি মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
সুনামগঞ্জ: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. হারুনুর রশিদকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। এর পর থেকেই হারুনুর এবং আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকালে বাজারে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তরিকুল ইসলাম, আবদুস সোবহান, মিজানুর রহমান, খালেদ মাহমুদ ও সেলিম তালুকদারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জালাল উদ্দিন, আলমগীর হোসেন, হেনু মিয়া নামের তিনজনকে আটক করেছে পুলিশ।